‘পাইক্রফট তো স্কুলশিক্ষক নন’, পাকিস্তানকে একহাত নিলেন অশ্বিন
ম্যাচ রেফারি পাইক্রফট বরং পাকিস্তানকে লজ্জা থেকে বাঁচিয়েছেন, কাউকে বলির পাঁঠা না বানিয়ে মাঠের পারফরম্যান্সে উন্নতির পথ খোঁজা উচিত, পাকিস্তানকে নিয়ে বললেন ভারতের সাবেক স্পিনার অশ্বিন।
হাত না মেলানো বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কোনো ভুল দেখেন না রাভিচান্দ্রান অশ্বিন। তার মতে, ম্যাচ রেফারিকে বলির পাঁঠা বানিয়ে ফায়দা নিতে চেয়েছে পাকিস্তান। এসব নিয়ে হইচই না করে চিরপ্রতিদ্বন্দ্বী দলটিকে মাঠের পারফরম্যান্সে উন্নতির পথ খুঁজতে বললেন ভারতের সাবেক স্পিনার।
এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দলের হাত না মেলানোর ঘটনার পর পেরিয়ে গেছে সাত দিন। তবে বিতর্ক থামেনি। টুর্নামেন্টে দুই দলের আরেকটি ম্যাচ দুয়ারে দাঁড়িয়ে। কিন্তু আগের ম্যাচের ঘটনার রেশ চলছেই।
এই ধরনের নানা প্রসঙ্গে বরাবরই নিজের শক্ত মতামত জানিয়ে থাকেন অশ্বিন। এবার একটু দেরিই হলো তার। তবে নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ ঠিকই কড়া প্রতিক্রিয়ায় তিনি তুলাধুনা করলেন পাকিস্তানকে।
টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে হাত না মেলাতে অনুরোধ করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষোভের কেন্দ্রে ছিলেন ম্যাচ রেফারি পাইক্রফট। জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারির অপাসারণ দাবি করেছিলেন তারা। টুর্নামেন্ট থেকে তাদের সরে দাঁড়ানোর খবরও শোনা যায়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যচে তারা মাঠে যায় দেরিতে এবং ম্যাচও শুরু হয় এক ঘণ্টা দেরিতে। পাইক্রফট ক্ষমা চেয়েছেন দাবি করে খেলা চালিয়ে যেতে রাজি হয় পাকিস্তান।
ভারতের সঙ্গে সমস্যার প্রভাব আমিরাতের সঙ্গে ম্যাচে কেন পড়ল, তা বুঝতে পারছেন না অশ্বিন। তার মতে, ভারতের সঙ্গে না পেরে পাইক্রফটের ওপর ঝাল মেটাতে চেয়েছে পাকিস্তান।
“ভারতের সঙ্গে হাত না মেলানো যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে সমাধান খুঁজছিলেন কেন? অ্যান্ডি পাইক্রফটকে কেন বলির পাঁঠা বানানো হলো? তিনি তো কোনো ভুল করেননি।”
“তিনি কোনো স্কুলশিক্ষক নন। তিনি কোনো অধ্যক্ষ নন। তিনি গিয়ে সুরিয়াকে বলতে পারেন না, ‘আসো এবং হাত মেলাও।’ এটা তার কাজ নয়। পাইক্রফটের আসলে ভুলটা কোথায় এখানে?”
অশ্বিনের মতে, পাইক্রফট আসলে পাকিস্তান অধিনায়ককে হাত না মেলানোর কথা আগেই জানিয়ে তিক্ত অভিজ্ঞতা থেকে রক্ষা করেছেন। সালমান আলি আগা যদি করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিতেন এবং সুরিয়াকুমার ইয়াদাভ তখন প্রত্যাখ্যান করতেন, সবার জন্যই তা আরও বিব্রতকর হতো। উল্টো পাইক্রফটকে দায় দেওয়ায় চটেছেন অশ্বিন।
“বাজে একটি ব্যাপার ঘটতে দেখা থেকে সবাইকে আসলে বাঁচিয়েছেন অ্যান্ডি পাইক্রফট। ভারত আগেভাগেই ম্যাচ রেফারিকে জানিয়ে রেখেছে- ‘এটা আমাদের সিদ্ধান্ত, আপনি সেটা অনুসরণ করবেন।' এই তো। এখানে তার দোষ কোথায়?”
“এত নাটকের পর আপনারা ম্যাচ হেরেছেন। অভিযোগটা তাহলে কি নিয়ে করছেন? হাত না মেলানোর জন্য আপনারা ম্যাচ হারেননি। দয়া করে গিয়ে খুঁজে বের করুন সত্যিকার অর্থে কোথায় উন্নতি করা উচিত।”
হাত না মেলানোর সিদ্ধান্ত যে আদতে স্রেফ মাঠের ব্যাপার নয়, আরও ওপর থেকে নির্দেশনা এসেছে, সেটিই তুলে ধরলেন ভারতের ইতিহাসের দ্বিতীয় সফলতম বোলার।
“একটা কর্পোরেট অফিস হোক বা সরকারী প্রতিষ্ঠান কিংবা কোনো ক্রিকেট দল, সেখানে প্রাতিষ্ঠানিক নির্দেশনা থাকে সেটা মেনে চলতে হয়। আমাদের ক্রিকেটারদের আচরণ পরিষ্কার ছিল, তারা দেশকে প্রতিনিধিত্ব করছে এবং তাদেরকে প্রটোকল মানতেই হবে।”
“ক্রিকেটাররাও এখানে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলেছে, ‘আমরা হাত মেলাতে চাই না।’ এটা আমাদের অবস্থান। ব্যস, এখানেই শেষ হওয়া উচিত।”
পুরোনো বিতর্কের জোয়ারে নতুন স্রোত দেখা যেতে পারে রোববার। এশিয়া কাপের সুপার ফোর পর্বে দুবাইয়ে আবার মুখোমুখি হচ্ছে এই দুই দল। এই ম্যাচেও পাইক্রফটই থাকছেন ম্যাচ রেফারির দায়িত্বে।
