‘মুস্তাফিজকে বাদ দিয়ে ভুল করেছে বিসিসিআই, সেখান থেকেই সবকিছুর শুরু’
বিশ্বকাপের পরে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিলেই এত কিছু হতো না, বলছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান।
পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলির মতে, মুস্তাফিজুর রহমানকে তড়িঘড়ি করে আইপিএল থেকে বাদ দিয়েই বড় ভুল করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারা যদি একটু কৌশলী হয়ে সময় নিত এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএল থেকে বাদ দিত, তাহলেই এত কিছু হতো না বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার।
খেলোয়াড়ি জীবনে বাসিত ছিলেন দারুণ স্টাইলিশ ব্যাটসম্যান। নব্বই দশকের মাঝমাঝি নাগাদ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সম্ভাবনাময় ব্যাটসম্যানদের একজন ছিলেন তিনি। সেই সম্ভাবনা পূর্ণতা পায়নি। এখন তিনি আলাদা পরিচিতি গড়েছেন বিভিন্ন প্রসঙ্গে আক্রমণাত্মক ও চাঁচাছোলা মন্তব্য করে। প্রায়ই খবরের শিরোণামে আসেন তিনি এসব মন্তব্যের কারণে।
এবার বিশ্বকাপে বাংলাদেশের না থাকা এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের তোলপাড় নিয়েও নিজের ইউটিউব চ্যানেলে অভিমত জানালেন বাসিত।
“মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে আগেভাগেই ছেড়ে দিয়ে একটি ভুল করেছে বিসিসিআই। এরকম ঘোষণা দেওয়ার আগে তারা সবকিছু ঠাণ্ডা হয়ে ওঠার সময় নিতে পারত। তারা যদি বিশ্বকাপের পর এই ঘোষণা দিত, তাহলে আজকে এই অবস্থায় আসতে হতো না।”
“সেই ভুল থেকেই সবকিছুর শুরু। এটির জের ধরেই বাংলাদেশ রাজি হয়নি (ভারত সফরে যেতে) এবং এখন পাকিস্তানও শক্ত অবস্থান নিয়েছে।”
আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ সত্যিই না হলে সেটি বিশ্ব ক্রিকেটের জন্য অশুভ বলেই মনে করেন ৫৫ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান।
“পাকিস্তান যদি সত্যিই ভারতের সঙ্গে না খেলে এবং ওয়াকওভার পেয়ে ভারত দুটি পয়েন্ট পেয়ে যায়, এটা ক্রিকেট খেলা এবং খেলাটির ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করবে।”
ম্যাচটি সত্যিই বর্জন করলে আর্থির জরিমানা করাসহ পাকিস্তানের বোর্ডের বিরুদ্ধে নানারকম ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকেই। আইসিসিও সম্ভাব্য পরিণতি মনে করিয়ে দিয়েছে এর মধ্যেই। তবে আর্থিক দিক থেকে পাকিস্তান বোর্ডের কোনো সমস্যা হবে বলে মনে করেন না বাসিত।
“পাকিস্তানের বোর্ডের তো আর্থিক সমস্যা নেই। এই সিদ্ধান্ত (ম্যাচ বর্জন) তাদেরকে নিতে বলেছে পাকিস্তানের সরকার এবং প্রয়োজন পড়লে সরকারই বোর্ডকে অর্থ দেবে।”
