দুই ওভারে দুই হ্যাটট্রিকে বাংলাদেশি বোলারের কীর্তি
২০১৮ সালে ইংল্যান্ডে পাড়ি জমানো বাগেরহাটের কিশোর কুমার সাধক গড়েছেন এই বিরল কীর্তি।
ক্রিকেটে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া যে কোনো বোলারের জন্যই পরম আকাঙ্ক্ষিত বিষয়। সেটাই কিনা একই ম্যাচে দুবার করে দেখালেন কিশোর কুমার সাধক। তাও আবার পরপর দুই ওভারে।
ইংল্যান্ডের কাউন্টি ডিভিশন ছয়ের ম্যাচে বিরল এই কীর্তির জন্ম দিয়েছেন ইপ্সউইচ এন্ড কোলচেস্টার (ইপ্সকোল) ক্রিকেট ক্লাবের বাংলাদেশি স্পিনার।
কেসগ্রেভের বিপক্ষে ২১ রানে ৬ উইকেট নেওয়ার পথে পরপর দুই ওভারে টানা তিন বলে তিনজন করে ব্যাটসম্যানকে বিদায় করেন কিশোর।
সামাজিক মাধ্যমে ইপ্সকোলের পাতায় আপলোড করা স্কোরকার্ডে দেখা যায়, ছয় উইকেটের মধ্যে পাঁচটিই ছিল বোল্ড। আর অন্য ব্যাটসম্যানকে ক্যাচ আউট করেন কিশোর। পরে ৭ উইকেটের সহজ জয় পায় ইপ্সকোল।
ম্যাচ শেষে বিবিসির সঙ্গে আলাপচারিতায় একই ম্যাচে দুই হ্যাটট্রিক করে নিজের অনুভূতি জানান কিশোর।
"যখন দেখলাম, ওই (ষষ্ঠ) ব্যাটসম্যান বোল্ড আউট হয়ে গেছে, আমি আকাশে উড়ছিলাম। এটি অসাধারণ।"
স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে উদযাপনের কমতি ছিল না তাদের।
"ম্যাচ শেষে আমি অনেক ফোন কল পেয়েছি। আমরা সবাই একটি রেস্টুরেন্টে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা কাটিয়েছি। দারুণ সময় ছিল সেটি।"
এখন ইংল্যান্ডে ক্রিকেট আনন্দে বুঁদ হয়ে থাকা কিশোরের বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে। ২০১৮ সালে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। এসেক্সের রেইনহ্যাম ক্রিকেট ক্লাবের হয়ে শুরু করেছিলেন ক্রিকেট অধ্যায়। এখন ন্যাশনাল হেলথ সার্ভিসে জিপি (জেনারেল প্র্যাকটিশনার) হিসেবে কর্মরত আছেন তিনি।
সুদীর্ঘ ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বোলারের একই ম্যাচে দুটি হ্যাটট্রিকের নজির আছে মাত্র ৮টি। এদের মধ্যে একই ইনিংসে দুটি হ্যাটট্রিক আছে শুধু ইংল্যান্ডের অ্যালবার্ট ট্রট ও ভারতের জোগিন্দার সিং রাওয়ের।
১৯০৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে মিডলসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে জোড়া হ্যাটট্রিক করেন ট্রট। ১৯৬৩ সালের রাঞ্জি ট্রফিতে নর্দার্ন পাঞ্জাবের দ্বিতীয় ইনিংসে সার্ভিসের হয়ে এই কীর্তি গড়েন জোগিন্দার।
তবে তাদের দুই হ্যাটট্রিক পরপর দুই ওভারে ছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
