Published : 22 Aug 2025, 12:40 PM
আপাতত দৃশ্যমান কোনো চোট সমস্যা নেই। অস্বস্তি নেই ভেতরেও। ব্যাটিং ও ফিল্ডিংয়ে সিরিজের প্রথম ওয়ানডে খুব ভালোভাবেই পার করেছেন টেম্বা বাভুমা। তার পরও তাকে নিয়ে বেশ সাবধানী দক্ষিণ আফ্রিকা। অধিনায়ককে তাই বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলছেন না বাভুমা। ম্যাকাইতে এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম।
টসের একটু আগে সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সেখানে উল্লেখ করা হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার চোটের কথা।
গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাভুমার হ্যামস্ট্রিংয়ে টান লাগে। পরে তাকে মাঠের বাইরে থাকতে হয় কিছুদিন।
ওই ম্যাচের পর চলতি সিরিজের প্রথম ম্যাচ দিয়েই আবার ফেরেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। কেয়ার্নসে সেদিন ৬৫ রানের ইনিংস খেলে সামনে থেকেই নেতৃত্ব দেন দলের জয়ে।
সেই ম্যাচে কোনো সমস্যা অনুভব করেননি বাভুমা। তবে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের’ অংশ হিসেবে দ্বিতীয় ওয়ানডেতে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে মেডিকেল বিভাগ।
তার পরিবর্তে এই ম্যাচে খেলে টনি ডি জর্জি ৩৯ বলে করেন ৩৮ রান।
দক্ষিণ আফ্রিকার একাদশে এ দিন পরিবর্তন আছে আরও একটি, ম্যাচের আগের দিনই যা নিশ্চিত করে দিয়েছিলেন কোচ কনরাড শুক্রি। সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে অভিষেকেই বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়া স্পিনার প্রেনেলান সুব্রায়েনকে বাইরে রাখা হয়েছে। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ফলাফল না আসা পর্যন্ত অবশ্য খেলতে বাধা নেই তার। তবে কোচ শুক্রি জানিয়েছেন, সবার কৌতূহলের আড়ালে রাখতেই সিরিজর বাকি ম্যাচগুলোতে খেলানো হবে না এই অফ স্পিনারকে।
তার পরিবর্তে খেলছেন বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামি।