আইপিএল ফেরার দিনই পুনরায় শুরু পিএসএল
পরিবর্তিত সূচিতে টুর্নামেন্টের ফাইনাল আগামী ২৫ মে, যেদিন শুরু হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ।
স্থগিতের পর একই দিনে আবার শুরু হচ্ছে সংঘাতে জড়ানো প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ। আইপিএলের মতো আগামী শনিবার পিএসএলের বাকি অংশ মাঠে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ (আগের টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৫ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে পিএসএলের দশম আসরের।
পিসিবির পক্ষ থেকে এখনও অবশ্য সূচি কিংবা ভেন্যু নিয়ে কিছু জানানো হয়নি। শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।
নাকভির টুইটে নিশ্চিত করা না হলেও, আশা করা হচ্ছে, পিএসএলের বাকি ম্যাচগুলোও পাকিস্তানেই অনুষ্ঠিত হবে।
পিএসএল পুনরায় শুরু করা নিয়ে আলোচনা করতে সোমবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠক করে পিসিবির কর্তারা। সেখানেই আসে সিদ্ধান্ত।
টুর্নামেন্টটির পরিবর্তিত সূচির কারণে নিশ্চিতভাবেই ধাক্কা লাগবে বাংলাদেশের পাকিস্তান সফরে। আগামী ২১ মে পাকিস্তানে যাওয়ার কথা ছিল লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের। ২৫ মে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
যদিও সিরিজটির ভবিষ্যৎ আগে থেকেই ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। ‘যুদ্ধ পরিস্থিতিতে’ পাকিস্তানে যাওয়া নিয়ে সংশয়ে আছে বাংলাদেশ। তবে এখনও বাতিল করে দেওয়া হয়নি সফরটি, আছে আলোচনার টেবিলে।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের হামলার পর করাচিতে পিএসএলের বাকি অংশ আয়োজনের পরিকল্পনা করেছিল পিসিবি। পরে গত শুক্রবার সকালে তারা জানায়, আসরের বাকি ৮ ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু ওইদিনই রাতে অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিত করে দেওয়া হয়। বোর্ডের পক্ষ থেকে তখন বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই শুক্রবারই এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় আইপিএলও।
দুই দেশের পাল্টাপাল্টি হামলার চার দিনের মাথায় গত শনিবার যুদ্ধবিরতিতে যায় ভারত ও পাকিস্তান। এর মধ্য দিয়ে দুই দেশের গত কয়েক দশকের সবচেয়ে বড় সংঘাতের ‘আপাতত’ ইতি ঘটে।
অনুকূল পরিস্থিতিতে দুই দেশই আবারও নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ পুনরায় শুরু করতে যাচ্ছে। একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে অবশ্য তাদেরকে। স্থগিতের পর উদ্বেগ নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়া বিদেশি ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা কমে গেছে।
