হেড-অভিষেক-শাহবাজের ব্যাটিং তাণ্ডবে যত রেকর্ড
আইপিএলে তিনবার আড়াইশ ছাড়ানো সংগ্রহ গড়ে রেকর্ড বইয়ে নাম লেখাল সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচের প্রথম বলে কোনো রান হলো না। তারপর যেন চার-ছক্কার বৃষ্টি নামল, রানের বন্যা বইয়ে গেল। ট্রাভিস হেড, অভিষেক শার্মা ও শাহবাজ আহমেদ খুনে ব্যাটিংয়ে তোলপাড় ফেলেন দিলেন রেকর্ড বইয়ে।
দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ২৬৬ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।
হেড ৩২ বলে ১১ চার ও ৬ ছক্কায় খেলেন ৮৯ রানের বিস্ফোরক ইনিংস। তার সঙ্গে ৩৮ বলে ১৩১ রানের উদ্বোধনী জুটির পথে অভিষেক ১২ বলে করেন ৪৬ রান। তার ইনিংস গড়া ৬ ছক্কা ও ২ চারে। ছয় নম্বরে নেমে শাহবাজ অপরাজিত থাকেন ৫ ছক্কা ও ২ চারে ২৯ বলে ৫৯ রান করে।
১৬
হেড ফিফটি পূর্ণ করেন স্রেফ ১৬ বলে। আইপিএলে হায়দরাবাদের হয়ে যৌথভাবে দ্রুততম ফিফটি এটি। চলতি আসরেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সমান বলে ফিফটি করেন অভিষেক। ওই ম্যাচে হেড ফিফটি করেছিলেন ১৮ বলে।
৫
হায়দরাবাদ শতরান স্পর্শ করে ৫ ওভারে। টি-টোয়েন্টি ক্রিকেটে ওভারের হিসাবে দ্রুততম দলীয় শতরান এটিই। গত বছর সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা শতরান ছুঁয়েছিল ৫.৩ ওভারে।
আইপিএলে আগের দ্রুততম শতরান ছিল ৬ ওভারে। ২০১৪ আসরে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চেন্নাই সুপার কিংস ও ২০১৭ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স গড়েছিল এই কীর্তি।
১২৫
পাওয়ার প্লেতে হায়দরাবাদ করে বিনা উইকেটে ১২৫ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে সর্বোচ্চ দলীয় স্কোর এটি। ২০১৭ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ডারহামের বিপক্ষে নটিংহ্যামশায়ারের বিনা উইকেটে ১০৬ ছিল আগের সর্বোচ্চ।
আইপিএলে পাওয়ার প্লেতে আগের সর্বোচ্চ ছিল কলকাতা নাইট রাইডার্সের বিনা উইকেটে ১০৫, ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
৮৪
পাওয়ার প্লেতে হেড করেন ৮৪ রান। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এটি। সর্বোচ্চ সুরেশ রায়নার ৮৭ রান, ২০১৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে।
হায়দরাবাদের হয়ে প্রথম ৬ ওভারে আগের সর্বোচ্চ ছিল ৬২ রান, ২০১৯ আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছিলেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
১৫৮
প্রথম ১০ ওভারে হায়দরাবাদের রান ছিল ৪ উইকেটে ১৫৮। আইপিএলের ম্যাচে প্রথম ১০ ওভারে কোনো দলের সর্বোচ্চ স্কোর এটি। হায়দরাবাদ ছাড়িয়ে গেছে নিজেদেরই। চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ১০ ওভারে ২ উইকেটে ১৪৮ রান তুলেছিল তারা।
৩
আইপিএলে এই নিয়ে তিনবার ২৫০ বা এর বেশি রান করল হায়দরাবাদ, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে যা কোনো দলের যৌথভাবে সর্বোচ্চ। তিনবার এই কীর্তি আছে ইংলিশ দল সারের।
হায়দরাবাদের তিনটি আড়াইশ ছাড়ানো স্কোরই হলো চলতি আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তারা করে তখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ ২৭৭। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের ছাড়িয়ে তারা করে ২৮৭ রান।
আইপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় প্রথম চারটি স্থানের তিনটিতেই আছে হায়দরাবাদ। চলতি আসরেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৭২ রান করে তৃতীয় স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স।
২২
এদিন হায়দরাবাদের ইনিংসে ছক্কা হয়েছে ২২টি, আইপিএলে এক ইনিংসে যা কোনো দলের যৌথভাবে সর্বোচ্চ। এখানেও তারা ছুঁয়েছে নিজেদের রেকর্ড। বেঙ্গালুরুর বিপক্ষেও তাদের ছক্কা ছিল ২২টি।
