১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেন্নাই ছেড়ে কলকাতার মেন্টর ব্রাভো

নাইট রাইডার্সের সব ফ্র্যাঞ্চাইজিতে এই ভূমিকায় থাকবেন সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 06:40 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দেওয়ার পর কোচিং ক্যারিয়ার নিয়ে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন ডোয়াইন ব্রাভো। চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসেবে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার।

সব ধরনের ক্রিকেট থেকে বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেন ৪১ ছুঁইছুঁই ব্রাভো। পরদিনই তাকে মেন্টরের দায়িত্ব দেওয়ার কথা জানাল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা। শিরোপাধারী দলটির কোচিং প্যানেলে আগামী মৌসুমে যোগ দেবেন তিনি।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এক পর্যায়ে কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরের সঙ্গে দেখা করেন ব্রাভো। এরপরই দীর্ঘমেয়াদী চুক্তি করতে রাজি হন তিনি।

শুধু আইপিএলেই নয়, অন্যান্য টি-টোয়েন্টি লিগগুলোয় নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি- সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স, মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং আইএলটি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সেরও মেন্টর হিসেবে কাজ করবেন ব্রাভো।

কলকাতায় গৌতাম গাম্ভিরের স্থলাভিষিক্ত হয়েছেন ব্রাভো। ২০২৪ আসরে ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ের পথে বড় অবদান রাখা মেন্টর গাম্ভির এখন ভারতের প্রধান কোচ। কলকাতার প্রধান কোচ হিসেবে আছেন চান্দ্রাকান্ত পান্ডিত ও বোলিং কোচের দায়িত্ব পালন করছেন ভারাত আরুন। 

নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ব্রাভো।

“সিপিএলে আমি গত ১০ বছর ধরে ত্রিনবাগো নাইট রাইডার্সের সদস্য। বিভিন্ন লিগে নাইট রাইডার্সের হয়ে ও বিপক্ষে খেলার সুবাদে তারা যেভাবে কাজ করে সেটার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে।”

আইপিএলে দ্বিতীয় কোনো দলের কোচিং স্টাফে যোগ দিতে যাচ্ছেন ব্রাভো। ২০২৩ সালে শিরোপা জেতা চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ছিলেন তিনি। খেলোয়াড় হিসেবে ২০১১ সালে ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দেওয়ার পর পান তিনটি শিরোপা জয়ের স্বাদ। ২০২২ সালে আইপিএল থেকে অবসর নেন টি-টোয়েন্টির ‘আইকন’ হয়ে ওঠা অলরাউন্ডার।

ডেথ ওভারে বোলিংয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া ব্রাভো আইপিএলে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকার। এই টুর্নামেন্টের দুই আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়া প্রথম বোলারও তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮২ ম্যাচ খেলে বিদায় নিলেন ব্রাভো। এই সংস্করণে সর্বোচ্চ ৬৩১ উইকেটের রেকর্ড তার। ব্যাট হাতে রান করেছেন ১২৫.৪৪ স্ট্রাইক রেটে ৬ হাজার ৯৭০।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট ও ৫ হাজার রানের যুগলবন্দি নেই আর কারও।

এই সংস্করণে ট্রফি জিতেছেন তিনি ২৬টি। এর চেয়ে বেশি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন কেবল তার দীর্ঘদিনের সতীর্থ ও প্রিয় বন্ধু কাইরন পোলার্ড (২৯টি)।