আইপিএল থেকে দেশে ফিরলেন রাবাদা
দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলারের ফিরে আসার কোনো তারিখ জানায়নি গুজরাট টাইটান্স।
আইপিএলের শুরুর দিকেই একটি ধাক্কা খেল গুজরাট টাইটান্স। দলটি ছেড়ে দেশে ফিরে গেলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা।
ফ্র্যাঞ্চাইজিটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ‘ব্যক্তিগত গুরুত্বপূর্ণ এক কারণে’ রাবাদা দেশে ফিরে গেছেন। তার ফিরে আসার কোনো তারিখ অবশ্য জানানো হয়নি।
আসরে গুজরাটের প্রথম দুই ম্যাচে খেলেন রাবাদা। পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের ম্যাচে তিনি ৪১ রানে নেন একটি উইকেট, আর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের ম্যাচে ৪২ রানে ধরেন একটি শিকার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বুধবারের ম্যাচে তিনি খেলেননি। ওই ম্যাচে টসের সময় গুজরাট অধিনায়ক শুবমান গিল বলেন, ব্যক্তিগত কারণে দলে নেই রাবাদা।
রাবাদার জায়গায় ওই ম্যাচে খেলেন অলরাউন্ডার আরশাদ খান, ভিরাট কোহলির উইকেট নেন তিনি। ম্যাচটিতে গুজরাট বিদেশি ক্রিকেটার খেলায় কেবল তিন জন- জস বাটলার, রাশিদ খান ও শেরফেইন রাদারফোর্ড, যিনি রান তাড়ায় ‘ইমপ্যাক্ট বদলি’ হিসেবে নামেন। ১৭০ রানের লক্ষ্য তাড়ায় ৮ উইকেটে জেতে গুজরাট।
প্রথম তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে তারা।
