২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কিউই শিবিরে আরেক ধাক্কা, টেস্ট নেতৃত্বে অভিষেকের দুয়ারে স্যান্টনার

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে দুই ক্রিকেটারকে চোটের কারণে হারাল নিউ জিল্যান্ড।

কিউই শিবিরে আরেক ধাক্কা, টেস্ট নেতৃত্বে অভিষেকের দুয়ারে স্যান্টনার
টম ল্যাথাম। ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

কাঁধের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি টম ল্যাথাম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তাই নিয়মিত অধিনায়ককে পাবে না নিউ জিল্যান্ড। তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্ট দলকে নেতৃত্ব দেবেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার।

এই মাসের শুরুতে ইংল্যান্ডের টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে বার্মিংহ্যাম বিয়ার্সের হয়ে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ল্যাথাম। মঙ্গলবার নিউ জিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে বলা হয়, ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান দলের সঙ্গেই থাকবেন। ৭ অগাস্ট শুরু দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার আশা করছেন নিউ জিল্যান্ডের নতুন কোচ রব ওয়াল্টার।

ল্যাথামের আগে গ্লেন ফিলিপসও চোটের কারণে ছিটকে পড়েন প্রথম টেস্ট থেকে। এই স্পিনিং অলরাউন্ডারের বদলি হিসেবে দলে নেওয়া হয় আরেক স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে, যিনি টেস্ট সিরিজ থেকে প্রাথমিকভাবে ছুটি পেয়েছিলেন ইংল্যান্ডে দা হান্ড্রেড টুর্নামেন্টে খেলার জন্য।

টেস্ট অধিনায়কত্বের অভিষেকের অপেক্ষায় থাকা স্যান্টনার এখন পর্যন্ত এই সংস্করণে ম্যাচ খেলেছেন ৩০টি। নিউ জিল্যান্ডের ৩২তম টেস্ট অধিনায়ক হচ্ছেন তিনি। তার নেতৃত্বে কদিন আগে জিম্বাবুয়ের হারারেতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নিউ জিল্যান্ড। 

বুলাওয়ায়োতে বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টও হবে একই মাঠে।

২০১৬ সালের পর প্রথমবার এই সংস্করণে মুখোমুখি হচ্ছে নিউ জিল্যান্ড ও জিম্বাবুয়ে। ৯ বছর আগে বুলাওয়ায়োতেই দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল কিউইরা।