২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ ব্রাডবার্ন

নিউ জিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার এর আগে পাকিস্তানের ফিল্ডিং কোচ ছিলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 09:09 PM

Updated : 13 May 2023, 04:32 PM

পুরনো ঠিকানায় নতুন দায়িত্ব নিয়ে ফিরেছেন গ্রান্ট ব্রাডবার্ন। নিউ জিল্যান্ডের বিপক্ষে আসছে সীমিত ওভারের সিরিজের জন্য তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। 

নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটারকে অন্তর্বর্তীকালীন কোচ করার কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজটির জন্য ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু পাটিক। 

পাকিস্তান দলের সঙ্গে আগেও কাজ করেছেন ব্রাডবার্ন। ২০১৮ সালে দলটির ফিল্ডিং কোচ হিসেবে যোগ দেন তিনি। এরপর হাই পারফরম্যান্স কোচিংয়ের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি ২০২১ পর্যন্ত। 

সাকলাইন মুশতাকের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর সিরিজ ধরে প্রধান কোচ নিয়োগ দিচ্ছে পাকিস্তান। এর আগে আফগানিস্তান সিরিজে এই দায়িত্বে ছিলেন দলটির সাবেক বাঁহাতি স্পিনার আব্দুল রেহমান। 

কিউই সিরিজে তাকে রাখা হয়েছে প্রধান কোচের সহকারী হিসেবে। আগের মতোই বোলিং কোচের দায়িত্বে থাকবেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। 

নিউ জিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আগামী শুক্রবার টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।