নিউ জিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ ওয়াটলিং
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর লুক রনকির স্থলাভিষিক্ত হবেন সাবেক এই কিপার-ব্যাটসম্যান।
কোচিং স্টাফে পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ড। দেশের সাবেক কিপার-ব্যাটসম্যান বিজে ওয়াটলিংকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।
এখনই অবশ্য দায়িত্ব নিচ্ছেন না ৪১ বছর বয়সী ওয়াটলিং। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন তিনি।
নিউ জিল্যান্ডের হয়ে ৭৫টি টেস্ট, ২৮টি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন ওয়াটলিং। ক্রিকেটের অভিজাত সংস্করণে করেছেন তিন হাজার ৭৯০ রান, যা নিউ জিল্যান্ডের কিপার-ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
২০২১ সালে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ওয়াটলিং। ক্যারিয়ারের শেষ ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার পাশাপাশি জিতেন শিরোপাও।
নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৬ নভেম্বর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ওয়াটলিং। ভারতের বিপক্ষে ঘরের মাঠে কিউইদের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর, শেষ ১ ডিসেম্বর।
এরপর অস্ট্রেলিয়ায় চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে নিউ জিল্যান্ড। সিরিজটি শুরু ৯ ডিসেম্বর। ওই সিরিজ দিয়ে মূলত কাজ শুরু করবেন ওয়াটলিং।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করা ওয়াটলিং অবসরের পর নিউ জিল্যান্ডের ঘরোয়া দল ওয়েলিংটন ফায়ারবার্ডস ও নর্দার্ন ডিস্ট্রিক্টসের কোচ হিসেবে কাজ করেছেন। নর্দার্ন ডিস্ট্রিক্টসের ২০২৫-২৬ মৌসুমের সুপার স্ম্যাশ শিরোপা ও ২০২৪-২৫ মৌসুমের প্লাঙ্কেট শিল্ড জয়ে দলের সঙ্গে ছিলেন তিনি।
এবার জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে ‘ভীষণ রোমাঞ্চিত’ ওয়াটলিং।
“(নতুন পরিচয়ে) জাতীয় দলে ফেরা এবং এই দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া বিশেষ কিছু। সাম্প্রতিক বছরগুলোতে এই দল ও সাপোর্ট স্টাফরা একসঙ্গে যা অর্জন করেছে, তা অসাধারণ। বিশ্বমানের এই দলে অবদান রাখতে মুখিয়ে আছি।”
