২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি ফিফটিতে ফের ম্যাচ সেরা নিগার

মেয়েদের এনসিএলে ফিফটি করেছেন রুবাইয়া হায়দার ঝিলিক ও শামীমা সুলতানা।

আরেকটি ফিফটিতে ফের ম্যাচ সেরা নিগার

ম্যাচ সেরার পুরস্কার হাতে নিগার সুলতানা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 08:44 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

হেসেই চলেছে নিগার সুলতানার ব্যাট। উপহার দিলেন আরেকটি ফিফটি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের অপরাজিত ইনিংসে একশ ছাড়ানো পুঁজি নিয়ে ঢাকা বিভাগের বিপক্ষে জয় তুলে নিল বরিশাল বিভাগ।

টি-টোয়েন্টি সংস্করণে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে বুধবার ১৮ রানে জিতেছে বরিশাল। ১১৮ রানের লক্ষ্য দিয়ে ঢাকাকে তারা থামিয়ে দিয়েছে ৯৯ রানে।

১ ছক্কা ও ৭ চারে ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন নিগার। এর আগে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে রান তাড়ায় অপরাজিত ৬৩ রান করে হয়েছিলেন ম্যাচ সেরা।

সিলেট একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা বরিশালের হয়ে নিগার ছাড়া দুই অঙ্কে যান আরও তিন জন। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি।

রান তাড়ায় ঢাকার টপ অর্ডার তিন ব্যাটারই যান দুই অঙ্কে। কিন্তু দলকে জেতানোর মতো ইনিংস আসেনি কারো ব্যাট থেকে। সর্বোচ্চ ২৬ করে রান করেন ফারজানা হক ও রিতু মনি।

বরিশালের হয়ে ৩৩ রান দিয়ে দুই উইকেট নেন পেসার লিলি রানী বিশ্বাস।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল বিভাগ: ২০ ওভারে ১১৭/৪ (মুর্শিদা ১৫, শারমিন সুপ্তা ৮, নিগার ৫৭*, সুলতানা ১১, দিশা ১০, শারমিন আক্তার ২, রাবেয়া ০*; রিতু ৪-০-২৪-০, রূপা রয় ৪-০-২১-০, রূপা আবেদীন ৪-০-১৩-১, হাসনাত ৩-০-১০-১, শানু ১-০-১২-০, তানজিলা ১-০-৯-০, পিংকি ৩-০-১৭-১)

ঢাকা বিভাগ: ২০ ওভারে ৯৯/৬ (ফারজানা ২৬, একা ১৮, রিতু ২৬, লিপি ৭, তানজিলা ৪, রূপা রয় ৪, পিংকি ১০, হাসনাত ২, রূপা আবেদীন ০*; ফোয়ারা ৪-০-৯-০, লিলি ৪-০-৩৩-২, ফাতেমা ৩-০-১৩-১, রাবেয়া ৪-০-১৩-১, দিশা ১-০-১৩-০, সুলতানা ৪-০-১৮-১)

ফল: বরিশাল বিভাগ ১৮ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা

ঝিলিকের ৫৯, শোহেলির অলরাউন্ড পারফরম্যান্স

ইনিংস শুরু করতে নেমে ফিফটি করলেন রুবাইয়া হায়দার ঝিলিক। ব্যাট হাতে অবদান রাখা শোহেলি আক্তার পরে বোলিংয়েও ছড়ালেন আলো। দুইজনের দারুণ পারফরম্যান্সে রংপুর বিভাগকে হারিয়ে দিল খুলনা বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার জয় ২৭ রানে। ১১৩ রানের পুঁজি নিয়ে রংপুরকে তারা আটকে রাখে ৮৬ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার হয়ে ৫৯ রান করেন ঝিলিক। ৫৮ বলের ইনিংসে ২ ছক্কার সঙ্গে মারেন ৫ চার।

আরেক ওপেনার শোহেলির ব্যাট থেকে আসে ২ চারে ২৮ রান। পরে অফ স্পিনে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

জবাব দিতে নামা রংপুরের হয়ে ১ চারে অপরাজিত ৩০ রান করেন সালমা খাতুন। দুই অঙ্কে যেতে পারেন আর কেবল মুর্শিদা খাতুন হ্যাপী, করেন ১৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা বিভাগ: ২০ ওভারে ১১৩/৫ (ঝিলিক ৫৯, শোহেলি ২৮, রুমানা ৯, শরিফা ৩, ফাতেমা ৬, তাজ ১*; তৃষ্ণা ৪-০-১৮-১, সালমা ৩-০-১৭-১, ফারজানা ২-০-৯-০, তাজিয়া ২-০-১১-০, তিথি ৪-০-১৯-০, জেসি ৪-০-২৭-২, সাবেকুন ১-০-১০-০)

রংপুর বিভাগ: ২০ ওভারে ৮৬/৮ (মুর্শিদা ১৬, সাথী ০, জেসি ৩, ইসমত ৫, সালমা ৩০*, উন্নতি ৮, তাজিয়া ৯, তিথি ০, ফারজানা ১, সাবেকুন ০; শোহেলি ৪-১-১৩-২, সুয়ারা ১-০-১৪-০, শরিফা ৩-০-৯-২, রুমানা ৪-০-১৫-১, ফাতেমা ৪-০-২৬-১, ফাহমিদা ৪-০-১৭-১)

ফল: খুলনা বিভাগ ২৭ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: শোহেলি আক্তার

আফিয়া-ইভার ব্যাটে চট্টগ্রামের জয়

সানজিদা ইসলাম ও লতা মণ্ডলের ব্যাটে লড়ার মতো পুঁজি পেল রাজশাহী বিভাগ। কিন্তু আফিয়া আনাম ও ইভার দুর্দান্ত ইনিংসে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে পেরে উঠল না তারা।

সিলেট একাডেমি মাঠে ৯ উইকেটের বড় জয় পেয়েছে চট্টগ্রাম। প্রতিপক্ষের ৯৪ রান তারা পেরিয়ে যায় ১৬ বল আগে।

টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ওপেনার সানজিদা ৬ চারে ৪৯ রান করেন। তিনে নেমে ২৬ রান করেন লতা।

লক্ষ্য তাড়ায় দলকে জয়ের কাছে পৌঁছে দেন আফিয়া ও ইভা। তাদের উদ্বোধনী জুটিতে ৭৫ রান করে চট্টগ্রাম।

৫ চারে ৩৫ রান করে ইভা ফিরলেও দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন আফিয়া। ১ ছক্কা ও ৩ চারে ৪০ রান করে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী বিভাগ: ২০ ওভারে ৯৪/৩ (সানজিদা ৪৯, ফারজানা ৯, লতা ২৬, আয়েশা ১*, পূজা ২*; খাদিজা ৪-০-১০-০, হ্যাপী ৩-০-১৪-০, অপর্ণা ৩-০-২৪-০, স্বর্ণা ৪-০-১৪-০, নুসরাত ৩-০-১২-১, সোবহানা ২-০-১৯-১)

চট্টগ্রাম বিভাগ: ১৭.২ ওভারে ৯৫/১ (আফিয়া ৪০*, ইভা ৩৫, সোবহানা ৫*; পান্না ২-০-১১-০, পূজা ১-০-৫-০, সুমা ১-০-১০-০, লতা ২-০-১০-০, ফেরদৌসি ৩-০-১২-০, মোরশেদা ২-০-১৩-০, বৃষ্টি ৩.২-০-১৫-০, আফিয়া ৩-০-১৮-১)

ফল: চট্টগ্রাম বিভাগ ৯ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: আফিয়া আনাম

রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শামীমার অপরাজিত ৬৯

দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরলেন শামীমা সুলতানা। তার অপরাজিত ফিফটিতে সিলেট বিভাগ পেল লড়ার মতো সংগ্রহ। রান তাড়ায় ব্যাটারদের মিলিত চেষ্টায় ময়মনসিংহ বিভাগ জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত হারের তেতো স্বাদই পেল তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারের রোমাঞ্চে ৬ রানে জেতে সিলেট। ১০০ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দেয় ৯৪ রানে।

জিততে শেষ ৬ বলে ৭ রান প্রয়োজন ছিল ময়মনসিংহের। হাতে তখন ২ উইকেট। কিন্তু পাঁচ বল খেলে কোনো রানই করতে পারেনি দলটি, উল্টো হয়ে যায় অলআউট।

টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটের হয়ে ১ ছক্কা ও ৫ চারে ৬৯ রান করেন শামীমা। ম্যাচ সেরার পুরস্কার ওঠে এই ওপেনারের হাতে।

ময়মনসিংহের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। দুই অঙ্কে যেতে পারেন ৬ জন। একটি করে ছক্কা-চারে সর্বোচ্চ ২২ রান করেন রিয়া আক্তার শিখা।

সিলেটের মারুফা আক্তার ও ফাহিমা খাতুন নেন তিনটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট বিভাগ: ২০ ওভারে ১০০/৫ (শামীমা ৬৯*, অর্থি ৩, ইশমা ০, দিপা ৬, শিবানি ৮, ফাহিমা ১০, মারুফা ০*; জাহানারা ৪-০-২১-১, সানজিদা ৪-০-২১-১, বিথি ৪-০-১২-১, শিখা ৪-০-১৮-১, আশা ৪-০-২৬-১)

ময়মনসিংহ বিভাগ: ১৯.৫ ওভারে ৯৪ (শারমিন ০, সুমাইয়া ২, মিশু ১০, কামরুন ০, জাহানারা ১৭, সাদিয়া ০, দোলা ১১, বিথি ১১, শিখা ২২, সানজিদা ১০*, আশা ০; মারুফা ৪-১-৯-৩, লাবনি ৩-০-২৫-১, অর্থি ৪-০-২১-১, ফাহিমা ৩.৫-০-৭-৩, ইসমত ৪-০-২০-০, দিপা ১-০-৮-০)

ফল: সিলেট বিভাগ ৬ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: শামীমা সুলতানা