১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভয়াবহ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল সিরিজ

এই প্রথম নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 07:31 PM

Updated : 16 Sep 2026, 07:31 PM

নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রস্তাবে ইতিবাচক ভাবনার কথা কদিন আগে জানিয়েছিল বিসিবি। সেই পথ ধরে এবার চূড়ান্ত হলো সিরিজটি। আন্তর্জাতিক ক্রিকেট সফরে প্রথমবারের মতো নেপালে যাবে বাংলাদেশ দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে আগামী মার্চে। বিসিবি বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে উৎসর্গ করা হবে সিরিজটি।

আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ ম্যাচগুলি হলে কাঠমাণ্ডুতে। এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ ও নেপাল।

আন্তর্জাতিক ক্রিকেটে এই দুই দেশ মুখোমুখ হয়েছে স্রেফ দুবার। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টে দুটি ম্যাচই জিতেছিল বাংলাদেশ।

আইসিসির ভবিষ্যৎ সফর সূচির বাইরে সিরিজটি আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরা হয় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে।

“যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি মধ্যে এক বৈঠকে সিরিজটি নিয়ে আলোচনা শুরু হয়। রাষ্ট্রদূত ভান্ডারি আজ (বুধবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসেন এবং বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে দেখা করেন। প্রস্তাবিত এই সফর এবং দুই দেশের মধ্যে বৃহত্তর ক্রিকেটীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয় বৈঠকে।

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বিসিবি এবং তাদের স্মরণে সিরিজটি উৎসর্গ করার তাৎপর্য অনুধাবন করেছে। বাংলাদেশ ও নেপালকে ক্রিকেটের বন্ধন গড়ে তোলার এবং এই চরম শোকের সময়ে বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে এই সিরিজটি।”

বিসিবি জানিয়েছে, নেপালে ক্রিকেটের বৃহত্তর উন্নয়নে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে তাদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে তারা। সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে থাকবে পুরুষ ও মহিলা দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স প্রোগ্রাম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ, যা উভয় দেশের খেলোয়াড় ও ক্রিকেট কর্মীদের জন্য ফলপ্রসূ হবে।