দিল্লিতে ফিরছেন ওয়াশিংটন, বুমরাহ ফিরবেন কবে
চোট ও অসুস্থতার কারণে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে ছিলেন না এই দুজন।
বিশ্বকাপ শুরু হয়ে গেছে, জয় নিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে ভারত। কিন্তু স্কোয়াডের একজন ক্রিকেটার এখনও দলের সঙ্গে যোগই দেননি। সেই ক্রিকেটার ওয়াশিংটন সুন্দার অবশেষে যোগ দিচ্ছেন দল দিল্লিতে যাওয়ার পর। জাসপ্রিত বুমরাহর ফেরার দিনটি অবশ্য এখনও অজানা।
গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের পর সাইড স্ট্রেইন নিয়ে ছিটকে পড়েন ওয়াশিংটন। এরপর বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনবার্সন চলছিল তার। এখনও সেখানেই আছেন এই অলরাউন্ডার।
প্রথম ম্যাচে শনিবার যুক্তরাষ্ট্রকে হারানোর পর অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ নিশ্চিত করলেন সতীর্থের ফেরার খবর।
“ওয়াশি দিল্লিতে যোগ দিচ্ছে আমাদের সঙ্গে। সে ভারো আছে এখন, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে।”
ভারতের পরের ম্যাচ দিল্লিতে বৃহস্পতিবার নামিবিয়ার বিপক্ষে।
দলের সঙ্গে থাকলেও অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ। ম্যাচের আগের দিন মাঠে গেলেও অনুশীলন করেননি ভারতের সেরা বোলার।
সুরিয়াকুমার জানালেন, শুধু বুমরাহ নয়, পুরো সুস্থ নন আভিশেক শার্মাও।
“সে (বুমরাহ) প্রচণ্ড জ্বরে ভুগছে, মূলত আবহাওয়া কারণে, আভিশেক শার্মাও খুব ভালো ছিল না।”
যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিলেন আভিষেক। তবে প্রথম বলেই আউট হন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান। ছক্কার চেষ্টায় ধরা পড়েন তিনি সীমানায়।
