আইপিএল
Published : 17 Apr 2026, 07:33 PM
এবারের আইপিএলে হেসেই চলেছে শ্রেয়াস আইয়ারের ব্যাট। ২২ গজে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন তিনি। টানা তিনটি ফিফটি করেছেন পাঞ্জাব কিংস অধিনায়ক, সবগুলোই আবার রান তাড়ায়। তার ব্যাটিংয়ে মুগ্ধ আকাশ চোপড়ার মতে, নতুন ‘চেইস মাস্টার’ পেয়ে গেছে ক্রিকেট বিশ্ব।
ওয়াংখেড়েতে বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পাঞ্জাবের ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় বড় ভূমিকা রাখেন শ্রেয়াস। চারে নেমে চারটি ছক্কা ও পাঁচটি চারে ৩৫ বলে ৬৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। সঙ্গে প্রাভসিমরান সিংয়ের ৩৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংসে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব।
আসরে প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৮ রানে আউট হওয়া শ্রেয়াস পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলেন ২৯ বলে ৫০ রানের ইনিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাদের ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টির কারণে। সেদিন ব্যাটিংয়ে নামার সুযোগ পায়নি পাঞ্জাব।
পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন শ্রেয়াস। মুম্বাইয়ের বিপক্ষেও রান তাড়ায় আরেকটি দারুণ ইনিংসে দলের জয়ে অবদান রাখলেন ভারতীয় ব্যাটসম্যান।
আইপিএলের গত মৌসুমেও ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে দেন শ্রেয়াস। দলকে ফাইনালে তোলার পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৭ ইনিংসে ছয় ফিফটিতে ৬০৪ রান করেন তিনি। তার ব্যাটিং গড় ছিল ৫০.৩৩ ও স্ট্রাইক রেট ১৭৫.০৭।
দারুণ ছন্দে থাকা শ্রেয়াসকে রান তাড়ায় ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলির কাতারে দেখছেন আকাশ। তার মতে, ‘রান তাড়ার রাজা’ কোহলির মতোই পরিসংখ্যান শ্রেয়াসের।
“আইয়ার এখন নতুন ‘চেইস মাস্টার।’ আমরা ভিরাট কোহলির কথা বলি। তার সঙ্গে কারো নাম যোগ করা হলে সেটাই একটা অর্জন। তবে সত্যিটা হলো, আইয়ারের পরিসংখ্যান কোহলির মতোই। গত দুই বছরে রান তাড়ায় তার গড় ৬৫ এবং স্ট্রাইক রেট ১৮০।”
“সে ম্যাচ জিতিয়ে ফেরার চেষ্টা করে। আজকে আউট হয়ে গেছে, কিন্তু ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। চেন্নাইয়ের বিপক্ষেও সে আউট হয়েছিল, কিন্তু তখনও ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। সে দুয়েকবার আউট না হলে নিশ্চিতভাবেই তার গড় ৮০ হতো। সে কেবল দরজায় (জাতীয় দলের) কড়া নাড়ছে না, দরজা ভেঙে ভেতরে ঢোকার মতো ব্যাটিং করছে।”
চাপকে উপভোগ করেই সাফল্যের পথে ছুটে চলেছেন শ্রেয়াস।
“সম্প্রতি তার সঙ্গে কথা হচ্ছিল, তখন সে বলল, চাপ সামলানোই তার কাজ। অধিনায়ক হিসেবে তার মানসিকতা সম্পর্কে এটাই বড় বার্তা দেয়। চাপ সে উপভোগ করে।”
“তার পারফরম্যান্সেই সেটা দেখা যায়। ফলাফল নিয়ে না ভেবে খেলোয়াড়দের নিজের মতো খেলতে বলে। সে বলে, ‘চাপ নেওয়ার জন্য এবং দলকে জেতানোর জন্য আমি আছি’।”
গত আইপিএলের রানার্স আপ পাঞ্জাবের এবারের আসরের শুরুটাও দুর্দান্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। পাঁচ ম্যাচ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।