২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ভেন্যুতে হবে নারী বিপিএল

নারী বিপিএলের প্রথম আসর শুরুর তারিখ চূড়ান্ত।

দুই ভেন্যুতে হবে নারী বিপিএল
সম্প্রতি নেপালে বিশ্বকাপ বাছাইয়ে সেরা হয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 09:52 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

নারী বিপিএলের প্রথম আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত করেছে বিসিবি। আগামী ৪ এপ্রিল শুরু হবে উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ডব্লিউবিপিএল) প্রথম আসর। ফাইনাল ১৪ এপ্রিল।

টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিয়ে গত ১১ ফেব্রুয়ারি বিসিবি জানিয়েছিল, আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত হবে টুর্নামেন্ট। সেই সূচিতে এবার পরিবর্তন এলো। 

বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভা শেষে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন তারিখ জানানো হয়। বোর্ড পাশাপাশি জানায়, খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে।

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল। স্থানীয় ক্রিকেটারদের দল চূড়ান্ত হবে ড্রাফট পদ্ধতিতে। এছাড়া বিদেশি ক্রিকেটারদেরও চুক্তিবদ্ধ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ডব্লিউবিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলাকে। টুর্নামেন্টের সাংগঠনিক সব দিক দেখভাল করবে এই কাউন্সিল।

ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা, ড্রাফটের নিয়ম, ভেন্যু, সম্প্রচার ও বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত বাকি সবকিছু যথা সময়ে প্রকাশ করা হবে বলে আগে জানানো হয়েছিল।