২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে নাম কাটা পড়া মোসাদ্দেক-এনামুলদের আপিলের সুযোগ

আপিলের সুযোগ থাকলেও, ‘রেড ফ্ল্যাগড’ হওয়ায় এবার লিগে নয় ক্রিকেটারের খেলার দরজা বন্ধ রাখছে গভর্নিং কাউন্সিল।

নিলামে নাম কাটা পড়া মোসাদ্দেক-এনামুলদের আপিলের সুযোগ
মোসাদ্দেক হোসেন। ফাইল ছবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৯ স্থানীয় ক্রিকেটারকে এখনও দোষী হিসেবে দেখা হচ্ছে না বলে জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা গভর্নিং কাউন্সিল। ম্যাচে অনিয়মের অভিযোগের কারণে তাদের ‘রেড ফ্ল্যাগ জোনে’ রাখা হয়েছে।

নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইলে সুযোগ আছে, কিন্তু এই আসরে খেলার দরজা আপাতত বন্ধ বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইফতেখার আহমেদ মিঠু। 

নিলামের আগের দিন শনিবার ছয় ফ্র্যাঞ্চাইজি মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন ইফতেখার। 

“গত বিপিএলের ঘটনা নিয়ে আমরা স্বাধীন তদন্ত কমিশন করেছি। তাদের প্রতিবেদনের ভিত্তিতে একটা তালিকা পেয়েছি, যদিও কারও নাম প্রকাশ করিনি। আমাদের মনে হয়েছে, কয়েকজন খেললে ঝুঁকি আছে। তবে কাউকে দোষী বলছি না। সময় আছে নিজেদের (নির্দোষ) প্রমাণ করার। বোর্ড ও ইন্টেগ্রিটি ইউনিট যে প্রক্রিয়ায় যাচ্ছে, সেই পথেই তারা প্রমাণ করার সুযোগ পাবে। আপিলের সুযোগও রয়েছে।”

নিলামে নাম কাটা নিয়ে সমালোচনার মধ্যে বিপিএলের সচিব জানালেন, স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত সঠিক ছিল। তারা শুধু প্রক্রিয়া অনুসরণ করেছেন। 

“খেলোয়াড়দের পক্ষ থেকে বলা হচ্ছে প্রমাণ ছাড়া করেছেন, এইটা বলতে পারেন। কিন্তু একটা তদন্ত ইউনিট, যেখানে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আছেন, তারা তো কোনো ভিত্তি ছাড়া প্রতিবেদন দেবেন বলে আমি মনে করি না। আমি নিজেও প্রতিবেদন দেখিনি। আমার দায়িত্ব হচ্ছে এটা জানা যে ৯০০ পৃষ্ঠার সেই প্রতিবেদন তারা ৮ মাস ধরে তৈরি করেছে, ৬০ জনের বেশি লোকের সাক্ষাৎকার নিয়েছেন। সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই তারা একটা ফলাফলে পৌঁছেছেন। সেই ফলাফলে আমরাও বলছি না যে তারা দোষী। আমরা যা করেছি, সেটা আবার আমাদের ইন্টিগ্রিটি ইউনিটের কাছে দেওয়া হয়েছে। আর যিনি বিশ্বে সবচেয়ে অভিজ্ঞদের একজন, আইসিসিতে কাজ করেছেন, সেই অ্যালেক্স মার্শালের কাছেও দেওয়া হয়েছে। এখন যখন কিছু নাম ‘রেড ফ্ল্যাগড’ হয়েছে বা সন্দেহের তালিকায় এসেছে, তখন আমার করণীয় কী?’’

“যদি আমি তাদের খেলতে অনুমতি দেই, তাহলে সেটা ক্রিকেটের জন্য খারাপ সংকেত। আমরা আমাদের বিচারিক প্রক্রিয়ার মধ্যে থেকে সিদ্ধান্ত নিয়েছি। আমি তো বাধ্য নই যে, একজন ক্রিকেটারকে লিগে খেলছে মানেই অকশনে নিতেই হবে। বিভিন্ন কারণে কাউকে না নেওয়া যায়। আমরা নিব না। ক্রিকেট খেললেই তাকে নিলামে তালিকায় নিতে হবে এটা কোথাও লেখা নাই। গভর্নিং কাউন্সিলের অধিকার আছে। বিদেশিদের ক্ষেত্রেও একই নিয়ম। ৫০০ জন আবেদন করেছিল, আমরা ২৬০ জনকে নিয়েছি। একই নিয়মেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ইন্টিগ্রিটি ইউনিট কঠোর ভূমিকা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

“বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও ইন্টিগ্রিটি ইউনিটের যেখানে প্রয়োজন, ছাড়পত্র নিতে হয়েছে তা নিয়েছি এবং ভবিষ্যতে যে কারও বিরুদ্ধে অভিযোগ এলে আমরা কঠোর থাকব। সরাসরি তাকে খেলার অনুমতি দেওয়া হবে না।”

বিসিবি পরিচালক ইফতেখার জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র এবার বিপিএলের জন্য প্রযোজ্য। আসন্ন ঘরোয়া মৌসুমে তাদের খেলায় কী প্রভাব পড়বে, তা অন্যান্য লিগ ও টুর্নামেন্ট কমিটি নির্ধারণ করবে। 

“আমার দায়িত্ব শুধু বিপিএল। আমাকে যদি পরিচালক হিসেবে জিজ্ঞাসা করেন, সেটা আলাদা। আবার গভর্নিং কাউন্সিলের সচিব হিসেবে জিজ্ঞাসা করলে সেটাও আলাদা। সচিব হিসেবে আমি যা বলতে পারি, আমার যে বিচারিক সিদ্ধান্ত আছে, তার মধ্যে আমি শুধু বিপিএল নিয়ে সিদ্ধান্ত দিচ্ছি। বোর্ড পরের প্রক্রিয়ায় যাবে।”

“তারা প্রিমিয়ার লিগ খেলতে পারবে কি না, এনসিএল খেলতে পারবে কি না ওটা সংশ্লিষ্ট ইউনিট বা কমিটি ঠিক করবে। তাদের বিভাগ বলে দেবে তারা খেলতে পারবে কি না। কিন্তু বিপিএলে এই মুহূর্তে সিদ্ধান্ত স্পষ্ট। এই বিপিএলে তাদের অন্তর্ভুক্ত করা হবে না। পরের বছরের বিপিএলে কী হবে, সেটা এখনই বলতে পারছি না। কিন্তু এখন এই বিপিএলে গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে তাদের রাখা হবে না।”