২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে

২০২৪-২০২৭ সালের চক্রে আইসিসির কোনো টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না পাকিস্তানও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 03:55 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শেষ পর্যন্ত পাকিস্তানে যাচ্ছে না ভারত। তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপক্ষে ভেন্যুতে। ভারতীয় বোর্ড বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির আলোচনায় এসেছে এই সমাধান।

ইএসপিএনক্রিকইনফো তাদের বৃহস্পতিবারের প্রতিবেদনে প্রথম বিষয়টি জানায়। পরে আইসিসিও তাদের ওয়েবসাইটে নিশ্চিত করে ভারত, পাকিস্তান ও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার মধ্যে সমাঝোতার বিষয়টি। 

সেই অনুযায়ী, ২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে আয়োজিত কোনো টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে, তেমনি ভারতে আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে।

২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি, একই বছর ভারতে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই চুক্তি।

এমনকি, ২০২৮ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এটি। পরবর্তী চক্রের প্রথম এই টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে।

প্রতিটি ক্ষেত্রে টুর্নামেন্টের আয়োজক বোর্ড নিরপেক্ষ ভেন্যুর নাম প্রস্তাব করবে। আইসিসির অনুমোদনের সাপেক্ষে তা চূড়ান্ত করা হবে।

আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে অনেক দিন ধরেই চলছিল টানাপোড়েন। ভারতের সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়াতেই সঙ্কটের শুরু। শেষ পর্যন্ত এখন একটা সমাধানে পৌঁছাতে পারল দুই পক্ষ।

গত এশিয়া কাপেও একই বাস্তবতা দেখা দিয়েছিল। ভারতীয় দল সেবারও পাকিস্তানে না যাওয়ায় ‘হাইব্রিড’ মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে হয়েছিল টুর্নামেন্ট। পরে ওয়ানডে বিশ্বকাপ খেলতে অবশ্য ঠিকই ভারতে গিয়েছিল পাকিস্তান।

তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতেরও পাকিস্তানে যাওয়া নিয়ে কিছুটা সম্ভাবনা জেগেছিল। কিন্তু তাদের সরকার সেই পথ বন্ধ করে দেয়। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে এবারের টুর্নামেন্ট আয়োজন করতে শুরুতে একদমই রাজি ছিল না পিসিবি। গোটা টুর্নামেন্টই পাকিস্তানে করতে বদ্ধপরিকর ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসতে হলো তাদের।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা ওঠার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতকে নিয়ে উদ্ভূত সঙ্কটে ভেন্যু নিয়ে অনিশ্চয়তার কারণে টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি।