২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুলদিপের রেকর্ড রাঙা বোলিংয়ের পর ক্যাম্পবেল-হোপের প্রতিরোধ

ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে ইনিংস হার এড়াতে এখনও ৯৭ রান দরকার ফলো-অনে পড়া ওয়েস্ট ইন্ডিজের।

কুলদিপের রেকর্ড রাঙা বোলিংয়ের পর ক্যাম্পবেল-হোপের প্রতিরোধ
কুলদিপ ইয়াদাভকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

চমৎকার এক ডেলিভারিতে শেই হোপের স্টাম্প ভাঙার পর আরও তিনটি শিকার ধরলেন কুলদিপ ইয়াদাভ। পাঁচ উইকেট পূর্ণ করে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন বাঁহাতি রিস্ট স্পিনার। ওয়েস্ট ইন্ডিজকে আড়াইশর আগে গুটিয়ে ফলো-অন করাল ভারত। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও শুরুতে ধাক্কা খেল সফরকারীরা; তবে দিনের বাকি সময়ে শক্ত হাতে দলের হাল ধরে রাখলেন জন ক্যাম্পবেল ও হোপ।

দিল্লি টেস্টে রোববার প্রতিপক্ষের প্রথম ইনিংস ২৪৮ রানে থামিয়ে দিয়েছে ভারত। ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২ উইকেট ১৭৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ক্যারিবিয়ানরা। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও ৯৭ রান চাই তাদের।

প্রতিপক্ষের প্রথম ইনিংস ধসিয়ে দেওয়ার কারিগর কুলদিপ ৮২ রানে নেন ৫ উইকেট। ১৫ টেস্টের ক্যারিয়ারে পঞ্চমবার এই স্বাদ পেলেন তিনি। ক্রিকেটের অভিজাত সংস্করণে তার চেয়ে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট নিতে পারেননি কোনো বাঁহাতি রিস্ট স্পিনার। ২৮ টেস্ট খেলে কুলদিপের সমান পাঁচবার ৫ উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের জনি ওয়ার্ডেল। চারবার এই কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামস।

লম্বা একটা সময় ধরে টেস্টে ব্যাটিংয়ে ভুগছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং ব্যর্থতায় এই সফরের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারে দলটি। দ্বিতীয় ম্যাচেও উঁকি দিচ্ছে সেই শঙ্কা। তবে আপাতত দলকে সেই তেতো অভিজ্ঞতা থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন ক্যাম্পবেল ও হোপ।

ভারতের বিপক্ষে আগের তিন ইনিংসে কোনো ফিফটি পায়নি ওয়েস্ট ইন্ডিজ। এবার পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহার দিয়েছেন ক্যাম্পবেল ও হোপ। ২ ছক্কা ও ৯ চারে ৮৭ রান করে অপরাজিত আছেন ক্যাম্পবেল। ৬৬ রানে খেলছেন হোপ, তার ইনিংসে ২ ছক্কার সঙ্গে চার ৮টি।

অরুণ জেটলি স্টেডিয়ামে ৪ উইকেটে ১৪০ রান নিয়ে নতুন দিন শুরু করা ক্যারিবিয়ানদের শিবিরে পরপর দুই ওভারে ছোবল দেন কুলদিপ। দিনের সপ্তম ওভারে হোপকে বোল্ড করার পর টেভিন ইমলাচকে এমবিডব্লিউ করে দেন তিনি। দুই ব্যাটসম্যানই অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছিলেন।

দুই ওভার পর ফের প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে আঘাত হানেন কুলদিপ। এবার জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউ করে দেন তিনি। মোহাম্মেদ সিরাজ ভেঙে দেন জোমেল ওয়ারিক্যানের স্টাম্প।

এরপর কিছুক্ষণ দলকে টানেন খ্যারি পিয়ের ও অ্যান্ডারসন ফিলিপ। তাদের ৪৬ রানের জুটিতে দুইশ ছাড়ায় ওয়েস্ট ইন্ডিজের রান। ৩ চারে ২৩ রান করা পিয়েরের স্টাম্প উড়িয়ে জমে ওঠা জুটি ভাঙেন জাসপ্রিত বুমরাহ।

জেডেন সিলসকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করার পাশাপাশি প্রতিপক্ষের ইনিংসের ইতি টেনে দেন কুলদিপ।

২৭০ রানের লিড পাওয়া ভারত ফের ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে। ইনিংসের নবম ওভারে তেজনারাইন চান্দারপলকে ড্রেসিং রুমে পাঠান সিরাজ; মিডউইকেটে দারুণ ক্যাচ নেন শুবমান গিল। কয়েক ওভার পর দুর্দান্ত এক ডেলিভারিতে আলিক আথানেজকে বোল্ড করে দেন ওয়াশিংটন সুন্দার।

ওই ওভারেই অল্পের জন্য বেঁচে যান হোপ; বল স্লিপ ফিল্ডারের হাতে জমা হওয়ার আগে মাটিতে লাগে। কিছুক্ষণ পর টানা দুই বলে দুই দফায় বেঁচে যান ক্যাম্পবেল। প্রথমবার আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ নেন তিনি। রিপ্লেতে দেখা যায় বল হালকা ছুঁয়ে গেছে তার ব্যাট। পরেরবার আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হননি তিনি।

এরপর আর ভারতকে তেমন কোনো সুযোগ দেননি এই দুই ব্যাটসম্যান। বেঁচে গিয়ে দ্রুতগতিতে রান বাড়ান ক্যাম্পবেল। কুলদিপকে ছক্কার পর চার মেরে ৬৯ বলে স্পর্শ করেন ফিফটি।

শেই হোপ শুরুতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান বাড়ান। পরে কিছুটা মন্থর হয়ে যায় তার রানের গতি। ৮০ বলে পঞ্চাশ করেন তিনি।

হোপ ও ক্যাম্পবেলের জুটি শতরান স্পর্শ করে ১৫৩ বলে। ১৩৮ রানে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন তারা। ক্যাম্পবেলের সামনে সেঞ্চুরির হাতছানি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৫১৮/৫ ডিক্লে.

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৮১.৫ ওভারে ২৪৮ (আগের দিন ১৪০/৪) (হোপ ৩৬, ইমলাচ ২১, গ্রেভস ১৭, পিয়ের ২৩, ওয়ারিক্যান ১, ফিলিপ ২৪*, সিলস ১৩; বুমরাহ ১৪-৪-৪০-১, সিরাজ ৯-২-১৬-২, জাদেজা ১৯-৫-৪৬-৩, কুলদিপ ২৬.৫-৪-৮২-৫, ওয়াশিংটন ১৩-২-৪১-০)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (ফলো-অন) ৪৯ ওভারে ১৭৩/২ (ক্যাম্পবেল ৮৭, চান্দারপল ১০, আথানেজ ৭, হোপ ৬৬; সিরাজ ৬-২-১০-১, জাদেজা ১৪-৩-৫২-০, ওয়াশিংটন ১৩-৩-৪৪-১, কুলদিপ ১১-০-৫৩-০, বুমরাহ ৪-২-৯-০, জয়সওয়াল ১-০-৩-০)