Published : 25 Jul 2026, 06:10 PM
সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। চোট কাটিয়ে মাঠে ফিরতে তার মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।
শনিবার এক বিবৃতিতে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
সবশেষ টি-টোয়েন্টি সিরিজে, গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সময় এই চোটে পড়েন নাহিদ। পরে ওই ম্যাচে তাকে আর বোলিং করানো হয়নি। খেলতে পারেননি ওই সিরিজের তৃতীয় ম্যাচেও।
গত বুধবার দেশে ফেরার পর এই পেসারের স্ক্যান করানো হয়। সেখানে সাইড স্ট্রেইনের গ্রেড টু চোট ধরা পড়ে।
ফলে, তাকে আপাতত চার সপ্তাহ বিশ্রামে থাকতে হচ্ছে।
বিশ্রাম শেষে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে মাঠে ফিরতে আরও অন্তত দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে নাহিদের। সব মিলিয়ে তাকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১ ও ৩ অগাস্ট দুই ভাগে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। আগামী ১৩ অগাস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্ট ২২ অগাস্ট থেকে।