অনন্য কীর্তির পর চোট পেয়ে মাঠের বাইরে পান্ত
প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে আর কোনো সফরকারী কিপার-ব্যাটসম্যানের ইংল্যান্ডের মাটিতে এই নজির নেই।
পেসার ব্রাইডন কার্সের বল স্লটে পেয়ে লং অন দিয়ে সীমানার ওপারে আছড়ে ফেললেন রিশাভ পান্ত। এই ছক্কায় তিনি স্পর্শ করলেন দারুণ এক মাইলফলক, নাম লেখালেন ইতিহাসের পাতায়।
প্রথম সফরকারী কিপার-ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রান করার কীর্তি গড়লেন পান্ত।
মাইলফলকটি ছুঁতে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে তার প্রয়োজন ছিল ১৯ রান। ম্যাচের প্রথম দিন বুধবার ভারতের ইনিংসের ৬১তম ওভারে কার্সকে ছক্কা মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান তিনি।
কয়েক ওভার পরই বড় ধাক্কা খান ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করার চেষ্টায় পারেননি তিনি। ইয়র্কার ডেলিভারি আঘাত হানে তার বুটে। ফিজিওর চিকিৎসা নিয়েও আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি।
টিভিতে দেখা যায়, তার ডান পায়ের পাতায় একটা জায়গায় ফুলে গেছে। সেখান থেকে রক্ত ঝরতেও দেখা যায়। গলফ কার্টে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।
তখন ৪৮ বলে ৩৭ রানে ব্যাট করছিলেন পান্ত। আগের টেস্টে লর্ডসে কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন তিনি। ফলে ম্যাচের বাকি অংশে তার জায়গায় কিপিং করেন ধ্রুব জুরেল।
২০১৮ সালের অগাস্টে পান্তের টেস্ট অভিষেক ইংল্যান্ডের মাটিতেই। দেশটিতে ২৪ ইনিংসে ৪৪.২৬ গড়ে তার রান এখন এক হাজার ১৮। সেঞ্চুরি ও ফিফটি সমান চারটি করে।
ইংল্যান্ডের মাটিতে টেস্টে আটশ রানও নেই আর কোনো সফরকারী কিপার-ব্যাটসম্যানের। ২৩ ইনিংসে ৭৭৮ রান করে এই তালিকায় দুইয়ে আছেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ৩৫ ইনিংসে ৭৭৩ রান করে তিনে অস্ট্রেলিয়ার রড মার্শ।
আরেকটি অনন্য কীর্তি গড়েছেন পান্ত। নিজ দেশের বাইরে নির্দিষ্ট কোনো দেশে হাজার রান করা টেস্ট ইতিহাসের প্রথম কিপার-ব্যাটসম্যানও তিনিই। এই তালিকায় দ্বিতীয় স্থানেও আছেন তিনি নিজে। অস্ট্রেলিয়ায় ২১ ইনিংসে তার রান ৮৭৯।
ইংল্যান্ডের মাটিতে টেস্টে হাজার রান করা ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হলেন পান্ত। তার আগে এ দিনই মাইলফলকটি স্পর্শ করেন ওপেনার লোকেশ রাহুল। বাকি চার জন সাচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনিল গাভাস্কার ও ভিরাট কোহলি।
এই সফরে দারুণ ছন্দে আছেন পান্ত। চার টেস্টের সাত ইনিংসে ৭৭ গড়ে তার রান এখন ৪৬২। সেঞ্চুরি ও ফিফটি দুটি করে।
ম্যানচেস্টারে চলমান ম্যাচটি ইংল্যান্ডের মাটিতে তার ১৩তম টেস্ট, ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে ১২তম। অন্যটি ২০২১ সালে সাউথ্যাম্পটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
