ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে গিল-কিষান
ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচে জায়গা করে নিয়েছেন ভারতীয় ওপেনার শুবমান গিল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার পুরস্কার পেয়েছেন শুবমান গিল ও ইশান কিষান। এই সংস্করণে ব্যাটসম্যানদের তালিকায় তারা জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার ঘোষণা করেছে আইসিসি। পাঁচ নম্বরে ফিরেছেন গিল। ৩৬তম স্থানে উঠে এসেছেন কিষান।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারানোর পথে ব্যাট হাতে বড় অবদান রাখেন গিল ও কিষান। দুই ওপেনার মিলে করেন ৩১০ রান।
টানা তিন ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন কিপার-ব্যাটসম্যান কিষান, করেন সিরিজ সর্বোচ্চ ১৮৪ রান। আর এক ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ১২৬ রান গিলের।
এই পারফরম্যান্সে দুই ধাপ এগিয়েছেন গিল, তার রেটিং পয়েন্ট ৭৪৩। গত জুলাইয়েও পাঁচ নম্বরে উঠেছিলেন তিনি। ৯ ধাপ অগ্রগতি কিষানের, পয়েন্ট ৫৮৯। তার আগের সেরা অবস্থান ছিল ৩৭। র্যাঙ্কিংয়ের মতো এই দুইজনের বর্তমান রেটিং পয়েন্টও ক্যারিয়ার সেরা।
৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে পাকিস্তানের বাবর আজম। দুইয়ে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন, রেটিং ৭৭৭। তিনে থাকা পাকিস্তানের ফখর জামানের রেটিং ৭৫৫। তার সতীর্থ ইমাম-উল-হক চারে, পয়েন্ট ৭৪৫।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় জশ হেইজেলউড। পরের চার স্থানে যথাক্রমে মিচেল স্টার্ক, রশিদ খান, মোহাম্মদ সিরাজ, ম্যাট হেনরি।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে ৭ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছেন কুলদিপ ইয়াদাভ। ভারতীয় এই বাঁহাতি রিস্ট স্পিনার আছেন ঠিক দশম স্থানে। সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে ৩০ নম্বরে পেসার শার্দুল ঠাকুর।
ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার উপরে সাকিব আল হাসান।
