যে কারণে ৭ বছর পর আট নম্বরে সাকিব
সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসক দেখিয়ে ফেরা সাকিব আল হাসানের ব্যাটিং স্বাভাবিক হতে সময় লাগার কথা বললেন রংপুর রাইডার্সের প্রধান কোচ।
একটি করে উইকেটের পতন ঘটে আর বাড়ে অপেক্ষা। আগের ম্যাচে তিন নম্বরে নামা সাকিব আল হাসানের এবার দেখা মেলে না ৫ উইকেট পড়ার পরও। নুরুল হাসান সোহান রান আউট হলে আট নম্বরে নামেন রংপুর রাইডার্সের বিশ্ব সেরা অলরাউন্ডার। তবে টিকতে পারেননি বেশিক্ষণ। অল্পেই ধরেন ড্রেসিং রুমের পথ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের ঘটনা এটি। চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিবকে এদিন স্বাভাবিকের চেয়ে অনেক পরে ব্যাটিংয়ে নামায় রংপুর। ম্যাচ শেষে দলটির প্রধান কোচ জানান, যথেষ্ট প্রস্তুতি না থাকায় এতটা পিছিয়ে যায় সাকিবের ব্যাটিং অর্ডার।
আট নম্বরে ৪ বলে স্রেফ ২ রান করে আউট হন সাকিব। দাসুন শানাকার হালকা লাফিয়ে ওঠা ডেলিভারিতে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন তিনি। এর আগে বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই তারকা অলরাউন্ডার।
বিপিএলে প্রথম ম্যাচ খেলে চোখের সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে সিঙ্গাপুরে যান সাকিব। যে কারণে তাকে পরের ম্যাচে পায়নি রংপুর।
সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর বিসিবির চিকিৎসা বিভাগ ‘কনজারভেটিভ’ পদ্ধতিতে চিকিৎসা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এর অংশ হিসেবে নিয়মিত ওষুধের ব্যবহার যেমন করতে হবে, তেমনি শারীরিক ক্লান্তি ও চাপ কমাতে হবে বাংলাদেশ অধিনায়ককে।
কিন্তু সেই ক্লান্তি কমানোর সুযোগ পাননি সাকিব। সিঙ্গাপুর থেকে বুধবার দেশে ফিরে পর দিন তিনি সিলেটে যোগ দেন রংপুর দলের সঙ্গে। আর কোনো রকম অনুশীলন ছাড়াই শুক্রবার ম্যাচ খেলতে নেমে যান সাকিব।
বোলিংটা ঠিকঠাক করলেও ব্যাটিংয়ে নামার জন্য তার অপেক্ষা ৬ উইকেট পড়া পর্যন্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এর কারণ ব্যাখ্যা করেন প্রধান কোচ সোহেল ইসলাম।
“আসলে সাকিব মাত্রই (সিঙ্গাপুর থেকে) এসেছে। অনেকদিন (দলের সঙ্গে) ছিল না। সবাই জানেন তার চোখে একটু সমস্যা আছে। এই অবস্থায় আসলে বোলিংটা করা যায়। তবে ব্যাটিংটা করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি, এজন্য (ওপরের দিকে) ব্যাট করেনি।”
বিপিএলে এর আগে স্রেফ একবার আট নম্বরে নামেন সাকিব। ২০১৬ সালের ডিসেম্বরে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে রাজশাহী কিংসের বিপক্ষে ৭ বলে ১২ রান করেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টি সংস্করণে স্রেফ ৬ বার আট নম্বরে ব্যাটিং করেছেন সাকিব।
যেহেতু চোখে সমস্যা দেখা দিয়েছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন এলো, সামনের ম্যাচগুলোতেও সাকিবকে বোলার হিসেবে খেলিয়ে ব্যাটিংয়ে নিচের দিকে নামানো হবে কিনা? রংপুর কোচ জানালেন, এমন কোনো ভাবনা তাদের নেই।
“(ব্যাটিং শেষে ফেরার পর) কোনো সমস্যার কথা বলেনি। আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়, দ্রুত কীভাবে নিজের ছন্দে আসা যায়, সেই চেষ্টা করছে।”
“আমার সঙ্গে যেটা কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে... ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো দিতেই হবে।”
