২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সে ইংল্যান্ড সফরে ৪-৫টি সেঞ্চুরি করতে চেয়েছিল’, কোহলির অবসরে বিস্মিত দিল্লির কোচ

কেন আচমকা কোহলি টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন, তা খুঁজে বের করতে হবে বলে মনে করেন দিল্লি রাজ্য দলের কোচ।

‘সে ইংল্যান্ড সফরে ৪-৫টি সেঞ্চুরি করতে চেয়েছিল’, কোহলির অবসরে বিস্মিত দিল্লির কোচ
ভিরাট কোহলি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 09:54 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

টেস্ট ক্রিকেট থেকে ভিরাট কোহলির আচমকা অবসরের খবরে খুবই অবাক হয়েছেন দিল্লি রাজ্য দলের কোচ সারানদিপ সিং। তার দাবি, আসন্ন ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে খেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন ভারতীয় তারকা।

সামাজিক মাধ্যমে সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন কোহলি। যদিও দিন দুয়েক আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান তিনি। ভারতীয় বোর্ডকে তিনি কয়েকদিন আগে জানিয়েছিলেন বলেও খবর শোনা গিয়েছিল। আগামী মাসের ইংল্যান্ড সফরে তাকিয়ে বোর্ড তাকে ফেরানোর চেষ্টা করছে বলেও জানা গিয়েছিল। 

তবে ৩৬ বছর বয়সী কোহলিকে আর দেখা যাবে না ভারতের হয়ে সাদা পোশাকে। ইনস্টাগ্রামে বিদায়ের ঘোষণা দিয়ে তিনি লেখেন, অবসর নেওয়ার এটাই ‘সঠিক সময়।’

টেস্ট ক্রিকেটে কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য তেমন ভালো ছিল না। সবশেষ অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও বাকি ৮ ইনিংস মিলিয়ে তার মোট রান ৯০। এই সফরের আগে দেশের মাঠে নিউ জিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সিরিজেও ভালো করতে পারেননি। 

গত জানুয়ারির শেষ দিকে ১২ বছর পর রাঞ্জি ট্রফিতে ফিরেও দিল্লির হয়ে এক ইনিংসে ব্যাটিং করে তিনি আউট হয়ে যান ৬ রানে। ওই সময়ই তার সঙ্গে ইংল্যান্ড সিরিজ নিয়ে কথা হয়েছিল, স্টার স্পোর্টসে আলাপে বললেন দিল্লির কোচ সারানদিপ। 

“কয়েক সপ্তাহ আগে ভিরাট (কোহলি) যখন রাঞ্জির ম্যাচ খেলতে এসেছিল, তখন তার সঙ্গে আমি কথা বলেছিলাম এবং তাকে জিজ্ঞেস করেছিলাম, ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য সে কাউন্টি ক্রিকেট খেলবে কি-না। সে বলেছিল, ‘আমি ইংল্যান্ডে ভারত ‘এ’ দলের দুটি ম্যাচ খেলব’ এবং আরও বলেছিল, ‘আমি ইংল্যান্ড সিরিজে ৪-৫টি সেঞ্চুরি করতে চাই, যেমনটা ২০১৮ সালে করেছিলাম (দুটি সেঞ্চুরি করেছিলেন সেবার)।’”

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া আরেক সাক্ষাৎকারে কোহলির অবসর নেওয়ার সময় নিয়ে প্রশ্ন তুলে সারানদিপ বলেন, ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন এই তারকা।

“হ্যাঁ, অবশ্যই, ভিরাট কোহলির আচমকা অবসর সবাইকে অবাক করে দিয়েছে। আমরা ভাবতেও পারিনি যে, সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে। বলতে পারেন যে, সে ৭০০-৮০০ রান (১০ হাজার থেকে) পিছিয়ে আছে, কিন্তু এটা আসলে তেমন কিছু নয়। আমাদের ভাবতে হবে, কী এমন হয়েছিল যে, সে এত তাড়াতাড়ি অবসর নিয়ে নিল। এর আগে এমন কোনো ইঙ্গিত ছিল না। ভিরাট কোহলির মান অনেক উঁচুতে, তাকে ভালোভাবে বিদায় দেওয়া হয়নি।”

“তার অবসর নেওয়ার কোনো লক্ষণ ছিল না... এমনকি যখন সে ইংল্যান্ড সিরিজ, আসন্ন টেস্ট ম্যাচ, সেখানে খেলার কথা বলছিল, তখন সে বলেছিল, এবার সে খুব ভালোভাবে প্রস্তুত থাকবে।”

২০১১ সালে টেস্টের আঙিনায় পা রাখা কোহলি ক্যারিয়ার শেষ করলেন ১২৩ ম্যাচে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান নিয়ে, ভারতের হয়ে যা চতুর্থ সর্বোচ্চ। সেঞ্চুরি ৩০টি, যার ৭টি ডাবল। এছাড়া ফিফটি ৩১টি।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণে ভারতীয় দল থেকে বিদায় নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন কেবল ওয়ানডেতে দেখা যাবে ভারতের সফলতম টেস্ট অধিনায়ককে।