টানা আট জয়ের পর টানা পাঁচ হার, রাসেল-ভিন্স-ডেভিডকে নিয়েও রংপুরের বিদায়
তিন তারকাকে দলে যোগ করেও জয়ের দেখা পেল না রংপুর রাইডার্স, শিরোপা প্রত্যাশীদের বিদায় করে দারুণ জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল খুলনা টাইগার্স।
খেলা শুরুর আগে টি-স্পোর্টসে আলোচনায় রংপুরের সহকারী কোচ শাহরিয়ার নাফীস বলছিলেন, কখনও কখনও হুট করে একাদশে বেশি পরিবর্তন আনলে দলের ছন্দপতন হতে পারে। মজার ব্যাপার হলো, তাদের দল বেছে নিল সেই পথ এবং সত্যি হয়ে গেল তার শঙ্কাও। প্লে-অফের জন্য দলে যোগ দেওয়া আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডের মতো তারকাদের দলে জায়গা দিতে একাদশের বাইরে ঠেলে দিল তারা মৌসুমে দলের সফলতম ব্যাটসম্যান ইফতিখার আহমেদকেও। কিন্তু উড়ে আসা তারকাদের কেউ জ্বলে উঠতে পারলেন না। মৌসুমের সবচেয়ে বাজে পারফরম্যান্স এ দিনই হলো রংপুরের।
খুলনাও দলে যোগ করেছে শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে। কিন্তু তাদের ভূমিকার প্রয়োজনই হলো না। মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখের মতো দেশের ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সেই দারুণ জয়ে তারা এক ধাপ এগিয়ে গেল ফাইনালের দিকে।
বিপিএলের ‘এলিমিনেটর’ ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে বিধ্বস্ত করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল খুলনা টাইগার্স।
প্রথম আট ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেওয়া রংপুরকে একসময় মনে হচ্ছিল অপ্রতিরোধ্য। সেই দলটিই টানা পরের পাঁচ ম্যাচ হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাটিংয়ে নামা রংপুর গুটিয়ে যায় ৮৫ রানেই। উইকেট একটু মন্থর ছিল বটে, তবে বেশ ভালো ব্যাটিং উইকেটই ছিল। সেখানেই খুলনার স্পিনারদের সামনে ধসে পড়ে রংপুরের ব্যাটিং। দশে নামা আকিফ জাভেদের ক্যামিও ইনিংস দলকে রক্ষা করে আরও বাজে অবস্থা থেকে।
অধিনায়ক নুরুল হাসান সোহান ও আকিফ মিলে করেন ৫৫ রান। বাকি সবাই মিলে ও অতিরিক্তসহ আসে আর মোটে ৩০ রান। বিপিএলের সব আসর মিলিয়ে সেমি-ফাইনাল বা প্লে-অফে সর্বনিম্ন দলীয় স্কোর এটিই।
নতুন বলে হাতে নেওয়া দুই স্পিনার মিরাজ ও নাসুম দারুণ বোলিংয়ে তিনটি করে উইকেট নিয়ে চেপে ধরেন রংপুরকে।
রান তাড়ায় খুলনা জিতে যায় ১০.২ ওভারেই।
পাওয়ার প্লেতে বিধ্বস্ত রংপুর
টস জিতে ব্যাটিংয়ে নামা রংপুরের বিপদের শুরু প্রথম ওভার থেকেই। ম্যাচের দ্বিতীয় বলেই জেমস ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান কোনো বল না খেলা সৌম্য সরকার। ফিল্ডার মোহাম্মদ নাওয়াজ থ্রো খুব ভালো করতে পারেননি, তবে বোলার মিরাজ বল ধরে দারুণ ক্ষিপ্রতায় ভেঙে দেন স্টাম্প।
সেটি কেবল শুরু। একের পর এক ব্যাটসমানের আসা-যাওয়া চলতেই থাকে। ৭ বলে ১ রান করে বিদায় নেন ভিন্স। নিজের বলে ডানদিকে ঝাপিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন নাসুম।
এই বাঁহাতি স্পিনারকেই জায়গা বানিয়ে খেলার চেষ্টায় বোল্ড শেখ মেহেদি হাসান। মিরাজকে স্লগ সুইপ করে সীমানায় ধরা পড়েন সাইফ হাসান।
প্রথমবার পেস আক্রমণে আনা হয় পাওয়ার প্লের শেষ ওভারে। দ্বিতীয় বলেই হাসান মাহমুদ এলবিডব্লিউ করে দেন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মোহাম্মদ সাইফ উদ্দিনকে।
পাওয়ার প্লেতে মাত্র দুটি চার মারতে পারে রংপুর। ৬ ওভারে তাদের রান ছিল ৫ উইকেটে ১৯।
ডেভিড-রাসেলদের ব্যর্থতা ও আকিফের ঝড়
আগের কয়েক দফায় রংপুরকে বিপদ থেকে উদ্ধার করেছেন ইফতিখার আহমেদ। এ দিন তিনি ছিলেন না। দলে যোগ দেওয়া নতুন তারকারা পারেননি সেই ভূমিকা পালন করতে।
নাসুমের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে শট খেলে আউট হন টিম ডেভিড (৯ বলে ৭)। লং অনে সামনে ডাইভ দিয়ে ভালো ক্যাচ নেন হেটমায়ার। নাওয়াজকে স্লগ করার চেষ্টায় আন্দ্রে রাসেল বোল্ড হন ৯ বলে ৪ রান করে।
সোহান কিছুটা সময় আগলে রেখেছিলেন এক প্রান্ত। কিন্তু মিরাজ আক্রমণে ফিরে তিন বলের মধ্যে ফিরিয়ে দেন রকিবুল হাসান ও সোহানকে (২৫ বলে ২৩)।
রংপুরের রান তখন ৯ উইকেটে ৫২!
শেষ জুটিতে দারুণ পাল্টা আক্রমণে কিছু রান বাড়ান আকিফ জাভেদ। মৌসুমে রংপুরের সেরা বোলার নিজের ব্যাটিং দক্ষতা মেলে ধরেন। দারুণ কয়েকটি শট খেলে চারটি চার ও দুটি ছক্কায় ১৮ বলে ৩২ রান করেন পাকিস্তানি এই ক্রিকেটার। তাকে সঙ্গ দিয়ে উইকেট আগলে রাখেন নাহিদ রানা।
শেষ জুটিতে আসে ২৬ বলে ৩৩ রান। তাতে ৩১ রানই করেন আকিফ, নাহিদ অপরাজিত থাকেন ৯ বলে শূন্য করে।
দলকে জিতিয়ে সবার ওপরে নাঈম
খুলনার রান তাড়ায় প্রথম ওভারে আকিফকে স্লগ করতে গিয়ে বোল্ড হয়ে যান মিরাজ। তবে এরপর আর নাটকীয় কিছু করতে পারেনি রংপুর কিংবা করতে দেননি মোহাম্মদ নাঈম শেখ।
ফর্মে থাকা ব্যাটসম্যান আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতই দলকে এগিয়ে নেন জয়ের দিকে। তাকে সঙ্গ দেন অ্যালেক্স রস।
ছক্কায় ম্যাচ শেষ করে নাঈম অপরাজিত থাকেন ৩৩ বলে ৪৮ রান করে। ২৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন রস।
এই ইনিংসের পথেই তানজিদ হাসানের ৪৮৫ রান টপকে চলতি আসরের রানের তালিকায় শীর্ষে উঠে যান নাঈম (৪৯২)।
যে দল ছিল বিদায়ের কিনারায়, সেই খুলনা এখন টানা তিন জয়ে ফাইনালের দুয়ারে।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৬.৫ ওভারে ৮৫ (ভিন্স ১, সৌম্য ০, সাইফ হাসান ৪, শেখ মেহেদি ১, সাইফ উদ্দিন ৮, সোহান ২৩, ডেভিড ৭, রাসেল ৪, রকিবুল ১, আকিফ ৩২, নাহিদ ০*; মিরাজ ৪-০-১০-৩, নাসুম ৪-১-১৬-৩, নাওয়াজ ৪-০-২১-১, হাসান ৩-০-১৮-১, হোল্ডার ১-০-১১-০, মুশফিক ০.৫-০-৮-১)।
খুলনা টাইগার্স : ১০.২ ওভারে ৮৯/১ (মিরাজ ০, নাঈম ৪৮*, রস ২৯*; আকিফ ৩-০-২০-১, নাহিদ ৪-০-২১-০, শেখ মেহেদি ১-০-১৯-০, রাসেল ১-০-১৪-০, রাকিবুল ১.২-০-১৩-০)
ফল: খুলনা টাইগার্স ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: নাসুম আহমেদ।
