২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত সেঞ্চুরিতে আফিফের ‘প্রথম’

সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চার নম্বরে নেমে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আফিফ হোসেন। 

দুর্দান্ত সেঞ্চুরিতে আফিফের ‘প্রথম’

আফিফ হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2023, 01:43 PM

Updated : 04 May 2023, 05:28 PM

রেজাউর রহমান রাজার স্লোয়ার ডেলিভারি অন সাইডে পুল করে দ্রুত রানের জন্য ছুটলেন আফিফ হোসেন। এক রান নেওয়ার পর চেষ্টা ছিল দ্বিতীয়টির। তাতে সফল হননি। তবে পৌঁছে গেলেন জাদুকরী তিন অঙ্কে। হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে সারলেন উদযাপন। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ফিফটির চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন আফিফ। কিন্তু সীমিত ওভারের সংস্করণে এত দিন ধরে পাননি তিন অঙ্কের দেখা। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ঘোচালেন সেই অপেক্ষা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে পেলেন সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বৃহস্পতিবার আবাহনীর হয়ে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চার নম্বরে নেমে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আফিফ। ১০৬ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি। ১০১ বলের ইনিংসে ৬ চারের সঙ্গে ৫টি ছক্কা মেরেছেন তিনি।

আফিফের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫ উইকেটে ২৮৫ রানের সংগ্রহ পেয়েছে আবাহনী। অধিনায়ক মোসাদ্দেক হোসেন খেলেছেন ৬৭ রানের ইনিংস।  

লিস্ট ‘এ’ ক্রিকেটে আফিফের আগের সর্বোচ্চ ছিল ৯৭ রান। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে শাইনপুকুরের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে স্রেফ ৮৬ বলে এই রান করেন তিনি। সেদিন ৩২৫ রানের লক্ষ্য তাড়া করে জেতে শাইনপুকুর। 

জাতীয় দলে জায়গা হারানোর পর এবারের লিগকেই যেন নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। এখন পর্যন্ত ১০ ইনিংসে তিন ফিফটি ও এক সেঞ্চুরিতে ৫৫.৭৫ গড়ে ৪৪৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট দুর্দান্ত, ১১৪.৯৫!

মেঘাচ্ছন্ন কন্ডিশনে প্রাইম ব্যাংকের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি আবাহনী। একশর আগে ড্রেসিং রুমে ফিরে যান টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান এনামুল হক (৩১), মোহাম্মদ নাঈম শেখ (১৯) ও মাহমুদুল হাসান জয় (২৬)। রান রেট তখনও ছিল চারের আশপাশে। 

চতুর্থ উইকেটে মোসাদ্দেকের সঙ্গে মিলে দলকে এগিয়ে নেন আফিফ। দুজনের জুটিতে আসে ১৩৯ বলে ১৪০ রান। অধিনায়ক ফিরে গেলেও শেষ পর্যন্ত ব্যাটিং করে দলকে তিনশর কাছাকাছি নিয়ে যান আফিফ। 

আফিফের শুরুটা ছিল বেশ সাবধানী। প্রথম ১৬ বলে করেন স্রেফ ২ রান। নাসির হোসেনকে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি মেরে গা ঝারা দেন তিনি। এরপর খেলতে থাকেন আপন ছন্দে। অলক কাপালির বলে ডিপ মিড উইকেট দিয়ে মারেন ছক্কা। একই জায়গা দিয়ে উড়িয়ে মারেন নাসিরকেও। 

৩ চার ও ২ ছক্কায় ফিফটি করতে ৬১ বল খেলেন আফিফ। সেখান থেকে সেঞ্চুরিতে পৌঁছতে লাগে আর ৩৬ বল। যেখানে ছিল সমান ৩ চার ও ২ ছক্কা। ৪৯তম ওভারে রাজার বলে এক রান নিয়ে স্পর্শ করেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। রুবেল হোসেনের করা শেষ ওভারে তিনি মারেন আরও একটি ছক্কা।