২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আফগানদের নিয়ে সতর্ক পাকিস্তান কোচ

কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নিতে নারাজ মাইক হেসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

টি-টোয়েন্টিতে ভয়ঙ্কর এক দল আফগানিস্তান, ভালো করেই জানেন মাইক হেসন। নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে সক্ষম আফগানদের নিয়ে তাই বেশ সতর্ক পাকিস্তানের কোচ। এশিয়া কাপ কিংবা এর আগের ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচই সমান গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি। 

এশিয়া কাপে ভিন্ন দুই গ্রুপে আফগানিস্তান ও পাকিস্তান। তবে দুই দলই সুপার ফোরে উঠলে, সেখানে মুখোমুখি হবে তারা।

এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। স্বাগতিকদের সঙ্গে সিরিজে তাদের অন্য প্রতিপক্ষ আফগানিস্তান। হেসনের মতে, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে দারুণ এক প্রস্তুতির মঞ্চ পেয়েছেন তারা।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে সেমি-ফাইনাল খেলে আফগানিস্তান। গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডকে হারানো দলটি সুপার এইটে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে।

এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য রোববার ১৭ জনের দল দিয়েছে পাকিস্তান। ওই সংবাদ সম্মেলনে আফগানদের নিয়ে সতর্ক থাকার কথা বলেন হেসন।

“গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট ছিল আফগানিস্তান। তারা শীর্ষ পর্যায়ের একটি দল, বিশেষ করে যখন শারজাহতে খেলা হয়।”

পরে নিজেদের ব্যাটিং বিভাগের সামর্থ্য নিয়েও কথা বলেন হেসন। 

“আমাদের মিডল অর্ডার স্পিনের বিপক্ষে কেবল প্রান্ত বদল করতে পারে না, তারা প্রতিপক্ষকে চেপেও ধরতে পারবে, আর এটা লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। আমরা এই ম্যাচগুলোর কোনোটিকেই হালকাভাবে নিচ্ছি না। এশিয়া কাপের প্রস্তুতির জন্য সত্যি বলতে এর চেয়ে ভালো আর কিছু চাইতে পারি না।”

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সাতবার আফগানিস্তানের মুখোমুখি হয়ে তিনটিতে হেরেছে পাকিস্তান, যার দুটিই শারজাহতে। ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচই হবে এই মাঠে।

আগামী ২৯ অগাস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হবে ত্রিদেশীয় সিরিজ। এক দিন পর শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টটি চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। এক দিন পর তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। গ্রুপ পর্বে দলটির শেষ প্রতিপক্ষ স্বাগতিক আরব আমিরাত, ১৭ সেপ্টেম্বর।