আফগান অলরাউন্ডারের শাস্তি
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন আজমাতউল্লাহ ওমারজাই।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আইসিসি আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন আজমাতউল্লাহ ওমারজাই। আফগানিস্তানের এই অলরাউন্ডারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওমারজাইয়ের শাস্তির কথা জানায়। আইসিসির আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ সম্পর্কিত।
গত শুক্রবার ব্রেডিতে ঘটনাটি ঘটে আফগানিস্তানের ইনিংসের ৪১তম ওভারে। ওমারজাইকে আউট দেওয়ার পরও তিনি দীর্ঘক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন এবং অঙ্গভঙ্গির মাধ্যমে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
ওমারজাই অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
