২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের চোয়ালবদ্ধ লড়াইয়ে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য দেখছেন শান্ত

মিরপুর টেস্ট পঞ্চম দিনে গড়ানোয় অবাক নাজমুল হোসেন শান্ত, আইরিশদের লড়াই উপভোগ করেছেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 05:38 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

অনায়াস জয়ের আশায় বাংলাদেশ শুরু করেছিল শেষ দিন। কিন্তু আয়ারল্যান্ডের লড়াইয়ে প্রায় মৃত ম্যাচেও ফেরে নতুন প্রাণ। নাজমুল হোসেন শান্তর কপালে তখন ভাঁজ। শেষ পর্যন্ত অবশ্য অভাবনীয় কিছু করতে পারেননি আইরিশরা। শান্তর মুখেও ফেরে স্বস্তির হাসি। আইরিশদের হার না মানা মানসিকতায় টেস্ট ক্রিকেটের মহিমাই খুঁজে পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।

মিরপুরে টেস্ট ম্যাচকে পঞ্চম দিনে টেনে নেওয়ার ঘটনা খুব বেশি দেখা যায় না। সেই চমকই এবার উপহার দিয়েছে আয়ারল্যান্ড।। লড়াই, ধৈর্য, আর প্রতিরোধের প্রদর্শনীতে তারা ফুটিয়ে তুলেছে টেস্ট ক্রিকেটের সত্যিকারের সত্তা। 

রোববার শেষ দিন শুরু করেছিল তারা স্রেফ চার উইকেট নিয়ে। কার্টিস ক্যাম্ফার ছাড়া মূল ব্যাটসম্যানদের কেউ ছিলেন না টিকে। তবু দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যায় তারা। ওই চার উইকেট তুলে নিতে গলদঘর্ম হতে হয় বাংললাদেশের বোলারদের। শেষ পর্যন্ত শেষ দিনে ৫৯.৩ ওভার খেলে শেষ হয় আইরিশদের ইনিংস। 

১১৩.৩ ওভার খেলে ২৯১ রান তোলে তারা। মিরপুর চতুর্থ ইনিংসে ১০০ ওভার খেলা ও ২৫০ রান ছোঁয়ার কৃতিত্ব আগে ছিল না আর কোনো সফরকারী দলের।

২৫৯ বল খেলে ৭১ রানে অপরাজিত থাকেন কার্টিস ক্যাম্ফার। মিরপুর চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড এটিই। আয়ারল্যান্ডের ছোট্ট টেস্ট ইতিহাসে এক ইনিংসে প্রথমবার ২৫০ বল খেললেন কোনো ব্যাটসম্যান। এছাড়া লড়াইয়ে সহজে হাল ছাড়েননি অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্ডান নিল আর গ্যাভিন হোয়ে।

মাঠে তখন দুর্ভাবনায় পড়লেও ম্যাচের পর শান্ত বললেন, আইরিশদের চ্যালেঞ্জ তিনি উপভোগ করেছেন। 

‘‘এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, আমার মনে হয় ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে। পঞ্চম দিনে পড়া ম্যাচটাতে উইকেটে ওরা যে চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে, অবশ্যই ওদেরকে কৃতিত্ব দিতে হবে।’’

‘‘পাশাপাশি আমি বলব যে, আমাদের বোলাররা যেভাবে বল করেছে, ওই ধৈর্য নিয়ে, এটাও আসলে কৃতিত্ব দেওয়ার মতো। বিশেষ করে তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং ইবাদত, সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বোলিং করেছে, এটা আসলে কৃতিত্ব দেওয়ার মতো।’’

আইরিশদের কাজ কিছুটা হলেও সহজ হয়েছে উইকেটের কারণে। বেশি ভাগ সময়ই পঞ্চম দিনে মিরপুরের উইকেট হয়ে ওঠে স্পিনারদের স্বর্গ আর ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন। এবার শেষ দিনেও ততটা ভয়াবহ হয়নি উইকেট। 

উইকেটের কথা বললেন শান্তও, পাশাপাশি কৃতিত্ব দিলেন ক্যাম্ফারকে।

‘‘প্রথমত মিরপুরের উইকেট যেরকম দেখা যায়, এর থেকে এবার অনেক ভালো আচরণ করেছে। বিশেষ করে বাউন্স যদি দেখেন, একদমই ‘ট্রু’ বাউন্স ছিল, এমনকি আজকেও। প্রত্যেকটি উইকেট নিতেই কষ্ট হয়েছে। শেখার তো শেষ নেই। আমার মনে হয় যেভাবে ক্যাম্ফার ব্যাটিং করেছে, এতগুলো বল খেলেছে, এই জিনিসগুলো আসলে বোঝা যায় যে আসলে কতটুকু নিবেদিত, কতটুকু প্রতিজ্ঞা নিয়ে ব্যাটিং করেছে তারা।’’

‘‘আমরাও করেছি। আমরা অতীতেও করেছি, এই সিরিজেও বেশ কিছু ইনিংস ছিল, যেখানে আমরা ওই চ্যালেঞ্জটা ভালোভাবে গ্রহণ করেছি। এরকম পরিস্থিতি আবার এলে আমাদেরও সেই মানসিকতা দেখাতে হবে—দলের জন্য লম্বা সময় ব্যাট করা, পরিস্থিতি বুঝে স্থির থাকা। অতীতে যেভাবে পেরেছি, ভবিষ্যতেও যেন সেটা ধরে রাখতে পারি—এই প্রত্যাশাই থাকবে।’’

মিরপুর টেস্ট যে পাঁচদিনে গড়িয়েছে, এতে বিস্ময়ও লুকালেন না বাংলাদেশ অধিনায়ক।

“ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে(পাঁচ দিনে গড়ানোয়)। আশা করিনি, সত্যি বলতে আমরাও আশা করিনি। তবে পাঁচ দিনে গিয়েছে, কষ্ট করে এই ইনিংসে ১০ উইকেট নিতে হয়েছে, এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং আমরা সবাই খুব উপভোগ করেছি এই টেস্ট ম্যাচটি।”