Published : 05 Jun 2026, 09:42 PM
এবারের আইপিএলে ব্যাট হাতে যে পারফরম্যান্স উপহার দিয়েছেন বৈভাব সুরিয়াভানশি, তাতে মুগ্ধ নাসের হুসেইন। ভারতের এই বিস্ময়-বালককে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
২০২৫ সালের আইপিএল দিয়ে বিশ্ব ক্রিকেটের নজরে আসেন সুরিয়াভানশি। সেবার বিস্ফোরক ব্যাটিংয়ে ৩৫ বলের সেঞ্চুরিতে আলোড়ন ফেলে দেন তিনি। নিজের প্রথম আইপিএল অভিযানে সাত ইনিংসে ২৫২ রান করেন ২০৬.৩৩ স্ট্রাইক রেটে।
সদ্য শেষ হওয়া আইপিএলে দেখা মেলে আরও পরিণত সুরিয়াভানশির। রাজস্থান রয়্যালসের হয়ে ১৫ ইনিংসে আসরের সর্বোচ্চ ৭৭৬ রান করেন ২৩৭.৩০ স্ট্রাইক রেটে। একটি সেঞ্চুরি, তিনটি নব্বই ছোঁয়া ইনিংস, সঙ্গে আরও দুটি ফিফটি উপহার দেন তিনি। চারের (৬৩) চেয়ে বেশি মারেন ছক্কা (৭২)। ব্যাটিং তাণ্ডবে আসর শেষে একাই পাঁচটি পুরস্কার জেতেন বাঁহাতি ব্যাটসম্যান।
বয়স কেবল ১৫ হলেও, ব্যাট হাতে যা দেখাচ্ছেন সুরিয়াভানশি, তাতে তাকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত মনে করছেন সুনিল গাভাস্কার, রাভি শাস্ত্রি, ভিরেন্দার শেবাগ, কুমার সাঙ্গাকারাসহ আরও অনেকে।
আইসিসি রিভিউয়ে এবার নাসেরও বললেন একই কথা।
“এটার (তাকে ভারত দলে নেওয়া উচিত কি-না) সবচেয়ে সহজ উত্তর হচ্ছে, হ্যাঁ, তাকে অবশ্যই খেলাতে হবে। সত্যি বলতে, আইপিএলের খুব বেশি ম্যাচ আমি দেখিনি। তবে কিছু ভিডিও ক্লিপ দেখেছি, কী অসাধারণ এক প্রতিভা সে।”
আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও গড়েছেন সুরিয়াভানশি। তার ব্যাটিং নিয়ে মুগ্ধতার কথা বলেছেন কিংবদন্তি ব্যাটসম্যান সাচিন টেন্ডুলকার। সুরিয়াভানশির উচ্ছ্বসিত প্রশংসা করতে গিয়ে, টেন্ডুলকারকে প্রথম দেখার স্মৃতিচারণও করলেন নাসের।
“ইংল্যান্ডের জার্সিতে আমার শুরুর দিকের ম্যাচগুলোর একটি ছিল নেহরু কাপে, ঘটনাটা এতদিন আগের! তখন এমন এক প্যাড পরে একজন তরুণ মাঠে হেঁটে এসেছিল, যা আমি আগে কখনও দেখিনি, তার নাম ছিল সাচিন টেন্ডুলকার। আমি অবাক হয়েছিলাম।”
“দেখলাম, সুরিয়াভানশির ব্যাট সুইং নিয়ে সাচিন টুইট (বর্তমান এক্স) করেছে, কেউ যদি সাচিন টেন্ডুলকারকে মুগ্ধ করতে পারে, যদি ভিরাট কোহলি ও বাকিদের মুগ্ধ করতে পারে—তার মানে সে আসলে সবাইকেই মুগ্ধ করেছে। কী অবিশ্বাস্য এক প্রতিভা।”