এশিয়া কাপ
Published : 23 Aug 2025, 06:34 PM
পেহেলগাম হামলা, রাজনৈতিক উত্তেজনার পর সীমান্তে সামরিক সংঘাত; এত কিছুর পরও এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলতে রাজি হওয়া মানতে পারছেন না মনোজ তিওয়ারি। দেশটির সাবেক এই ব্যাটসম্যানের বিশ্বাসই হচ্ছে না, সন্ত্রাসী হামলায় এত মানুষের প্রাণ হারানোর কথা এত দ্রুত ভুলে যাবে সবাই!
রাজনৈতিক বৈরিতায় এক যুগের বেশি সময় ধরে দ্বি-পাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মুখোমুখি লড়াই দেখা যায় কেবল বৈশ্বিক ও এশিয়ান আসরে। গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সেটাও বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা জাগে।
ওই ঘটনায় প্রতিবেশি দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়। এক পর্যায়ে সামরিক সংঘাতেও জড়ায় এশিয়ার দেশ দুটি। তখন থেকেই পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আওয়াজ ওঠে ভারতে। গণমাধ্যমে খবর বের হয়, কোনো টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না ভারত। তাতে অনিশ্চয়তায় পড়ে যায় এশিয়া কাপ।
অনেক টানাপোড়েনের পর গত মাসে প্রতিযোগিতাটির গ্রুপিং ও সূচি প্রকাশ করে হয়। যেখানে ভারত ও পাকিস্তানকে রাখা হয় একই গ্রুপে। এরপর ভারতে আরও জোরেশোরে শুরু হয় ওই আলোচনা।
গত মাসে সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয় দল। প্রাথমিক পর্বের ম্যাচ না খেলার পর, সেমি-ফাইনালেও তারা খেলেনি পাকিস্তানের বিপক্ষে। এরপর থেকে এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আলোচনা চলতে থাকে।
তবে, অনিশ্চয়তা কেটে যায় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের জন্য দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বৃহস্পতিবার নতুন নীতিমালা প্রকাশ করার পর। সেখানে জানানো হয়, এশিয়া কাপ কিংবা বহুদলীয় কোনো টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধা নেই ভারত দলের। তবে দ্বি-পাক্ষিক কোনো ক্রীড়া ইভেন্টে দেশটির মুখোমুখি হতে পারবে না ভারতের কোনো দল।
ভারতের জার্সিতে ১২ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলা তিওয়ারি এএনআই-কে বলেন, সরকারের এই সিদ্ধান্ত দেখে অবাক হয়েছেন তিনি।
“এই ম্যাচ (ভারত-পাকিস্তান) হবে দেখে আমি কিছুটা অবাক হয়েছি। পেহেলগাম হামলার পর, যেখানে অনেক নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয় এবং এরপর যুদ্ধও শুরু হয়। অনেক কথা হচ্ছিল যে, এবার আমরা উপযুক্ত জবাব দেব। কিন্তু, কয়েক মাস পরেই আমরা সবকিছু ভুলে গেছি। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ম্যাচটি হতে যাচ্ছে, মানুষের জীবন মূল্যহীন হয়ে পড়েছে।”
“পাকিস্তানের সঙ্গে খেলে তারা কী অর্জন করতে চায়? একজন মানুষের জীবনের মূল্য খেলাধুলার চেয়ে বেশি হওয়া উচিত। আমার এই ম্যাচ দেখার কোনো প্রশ্নই ওঠে না।”
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এবারের এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। টুর্নামেন্টের সুপার ফোর ও ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে সুরিয়াকুমার ইয়াদাভের দলের।
আগামী ১০ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান।