লামিছানেকে নিষিদ্ধ করল নেপাল ক্রিকেট
এই লেগ স্পিনারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সিদ্ধান্তটি নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল।
ধর্ষণের অভিযোগ ওঠার পর দেশের হয়ে খেলার সুযোগ হারালেন সন্দীপ লামিছানে। জাতীয় দলের অধিনায়ককে নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল।
লামিছানেকে নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় নেপালের বোর্ড।
গত মঙ্গলবার লামিছানের বিরুদ্ধে গৌশালা পুলিশ সার্কেলে অভিভাবকের উপস্থিতিতে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ১৭ বছর বয়সী এক কিশোরী। পরে তাকে মেডিকেল চেকআপের জন্য পাঠানো হয় বলে বুধবার নিশ্চিত করেন কাঠমান্ডু ভ্যালি পুলিশের প্রধান রবীন্দ্র প্রসাদ ধনুক।
লামিছানের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে দ্রুতই তদন্ত শুরু করে দেয় নেপাল পুলিশ। সেই ধারাবাহিকতায় এই লেগ স্পিনারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঠমান্ডু জেলা আদালত।
লামিছানেকে নিয়ে এমন খবরের পর বুধবার জরুরি সভায় বসেন নেপাল ক্রিকেটের কর্তারা। গ্রেফতারি পরোয়ানা জারির কয়েক ঘণ্টা পর তাকে জাতীয় দল থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।
ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত লামিছানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এখন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় আছেন। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ভালো চাহিদা তার। আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল, পিএসএলেও খেলেছেন এই লেগ স্পিনার। নেপালের হয়ে এখন পর্যন্ত ৩০ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ২২ বছর বয়সী এই ক্রিকেটারের।
গত ২১ অগাস্ট ঘটে এই অপ্রীতিকর ঘটনা। পুলিশের কাছে অভিযোগ করে মেয়েটি বলেন, হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটে কথা বলে লামিছানের সঙ্গে তার বন্ধুত্ব হয়। পরে লামিছানের চাওয়ায় ওইদিন সন্ধ্যায় একটি প্রাইভেট গাড়িতে করে নাগরকোটের উদ্দেশে রওয়ানা দেন তারা। নাগরকোটে কিছুক্ষণ অবস্থানের পর মেয়েটি লামিছানেকে বারবার হোস্টেলে দিয়ে আসতে বলেন।
কিন্তু তাদের ফিরতে বেশি রাত হয়ে যাওয়ায় মেয়েটির হোস্টেল বন্ধ হয়ে যায়। এরপর তারা একটি হোটেলে রুম নেন। সেখানেই লামিছানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরী।
