২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কামুক্ত খাওয়াজা ব্রিজবেন টেস্টে খেলতে প্রস্তুত

অ্যাডিলেইড টেস্টে হেলমেটে বলের আঘাতে মাঠ ছাড়া অস্ট্রেলিয়ান ওপেনারের চূড়ান্ত পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়েনি।

শঙ্কামুক্ত খাওয়াজা ব্রিজবেন টেস্টে খেলতে প্রস্তুত

উসমান খাওয়াজাকে ঘিরে অনিশ্চয়তার মেঘ সরে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 03:35 PM

Updated : 22 Jan 2024, 03:37 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজবেন টেস্টে উসমান খাওয়াজাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিল অস্ট্রেলিয়া। শঙ্কার সেই মেঘ সরে গেছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প্রস্তুত বাঁহাতি এই ব্যাটসম্যান। 

অ্যাডিলেইডে সিরিজের প্রথম টেস্ট শেষ হওয়ার আগমুহুর্তে হেলমেটে বলের আঘাতে মাঠ ছাড়েন খাওয়াজা। এরপর থেকে গত কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়। তার মধ্যে কোনো ধরনের কনকাশন লক্ষণ দেখা না যাওয়ায় খেলার সবুজ সংকেত দিয়েছে অস্ট্রেলিয়া দলের চিকিৎসকরা। 

ঘটনাটি ঘটে অ্যাডিলেইড টেস্টের তৃতীয় দিন, গত শুক্রবার। ২৬ রানের লক্ষ্য তাড়া করছিল অস্ট্রেলিয়া, দুই দলের স্কোর তখন সমান। শামার জোসেফের শর্ট বল ঠিক মতো খেলতে পারেননি খাওয়াজা। শেষ মুহূর্তে চোখ সরিয়ে নেওয়ায় বল ছোবল দেয় তার হেলমেটে। 

এরপর স্বাভাবিক হতে পারছিলেন না অস্ট্রেলিয়ান ওপেনার। মুখ থেকে একটু রক্তও বের হয়, জিহবা কেটে গিয়েছিল হয়তো। মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। ড্রেসিং রুমে প্রাথমিক পরীক্ষায় কনকাশনের উপসর্গ দেখা যায়নি তার মধ্যে। সোমবার চূড়ান্ত পরীক্ষায়ও কোনো সমস্যা ধরা পড়েনি। 

গ্যাবা টেস্টকে সামনে রেখে মঙ্গলবার মূল অনুশীলন শুরু করার কথা অস্ট্রেলিয়ার। এদিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন খাওয়াজা। 

খাওয়াজাকে নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় অপরিবর্তিত একাদশ নিয়েই ব্রিজবেনে খেলতে নামতে পারে অস্ট্রেলিয়া। ফলে আরও একটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে দলে ফেরা ম্যাট রেনশকে। 

প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু আগামী বৃহস্পতিবার।