অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ঐতিহাসিক সফরের সূচি চূড়ান্ত
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশের মেয়েরা।
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলে অগাস্টের শেষ দিকে ফিরবে বাংলাদেশের ছেলেরা। অক্টোবরের শুরুতে ঐতিহাসিক সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশের মেয়েরা। আইসিসির উইমেন’স ভবিষ্যৎ সফর সূচিতে থাকা সিরিজটির সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়াতে বাংলাদেশ নারী দলের দ্বিপাক্ষিক সিরিজ এটিই প্রথম।
বাংলাদেশের ছেলেদের টেস্ট সিরিজের ভেন্যু ও তারিখ নিশ্চিত করা হয়েছিল আগেই। এবার গোটা ২০২৬-২৭ গ্রীষ্মে ছেলে ও মেয়েদের দলের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ছেলেদের দলের মতো অস্ট্রেলিয়ার মেয়েদের দলও মৌসুম শুরু করবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি থাকছে বাংলাদেশের এই সফরে। ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে ব্রিজবেনে। ৯, ১১ ও ১৪ অক্টোবর অ্যালান বোর্ডার ফিল্ডে হবে দিন-রাতের ম্যাচ তিনটি।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি হবে সিডনিতে। তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নয়, নর্থ সিডনি ওভালে ম্যাচ তিনটি হবে ১৮, ২০, ২২ অক্টোবর। সবকটিই রাতের ম্যাচ, শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যায় সোয়া ৭টায়।
বাংলাদেশ এখনও পর্যন্ত একবারই অস্ট্রেলিয়ায় সফর করেছে। ২০২০ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে সালমা খাতুনের দল হেরেছিল চার ম্যাচের সবকটিতে।
অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দুই বছর আগে। দেশের মাঠে ওই সিরিজে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সবকটি হেরে যায় নিগার সুলতানার দল।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলে এখনও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।
আগামী মাসে দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জুনে ইংল্যান্ডে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া সফর শেষে ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে নিউ জিল্যান্ডে।
