‘এমন উইকেটই চেয়েছি’, ১২৪ রান তাড়ায় হারের পর ভারত কোচ
দলের ব্যাটসম্যানদের দক্ষতার দিকে আঙুল তুলেছেন গৌতাম গাম্ভির।
টেস্টের চার ইনিংসের একটিতেও আসেনি দুইশ রান। সোয়া একশ রান তাড়ায় তো একশও করতে পারেনি ভারত। এতেই স্পষ্ট কতটা ব্যাটিং দুরূহ ছিল কলকাতার উইকেট। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে পিচের কোনো দায় দেখেন না গৌতাম গাম্ভির। ভারত কোচ আঙুল তুললেন দলের ব্যাটসম্যানদের দক্ষতার দিকে।
ইডেন গার্ডেন্সের স্পিন সহায়ক অসম বাউন্সের উইকেটে প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় দিন ৩০ রানে হেরে যায় ভারত।
ঘরের মাঠে সবশেষ ৬ টেস্টের চারটিতেই হারল ভারত।
ম্যাচের জন্য টার্নিং উইকেট বানিয়ে সফরকারীদের ফাঁদে ফেলতে চেয়েছিল স্বাগতিকরা। চার স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল তারা। দক্ষিণ আফ্রিকার একাদশে বিশেষজ্ঞ স্পিনার ছিলেন কেবল দুইজন। কিন্তু সেই ফাঁদে নিজেরাই পড়ে হারের তেতো স্বাদ পেল ভারত।
প্রথম ইনিংসে ১৫৯ রান করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে করতে পারে ১৫৩। আর প্রথম ইনিংসে ১৮৯ রান করা ভারত ১২৪ রান তাড়ায় গুটিয়ে যায় স্রেফ ৯৩ রানে।
ম্যাচের প্রথম দিন থেকেই উইকেট নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা। ভারতের সাবেক স্পিনার হারভাজান সিংয়ের কাছে এই উইকেট ‘প্যাথেটিক।’ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের চোখে এই পিচ ‘ভয়াবহ।’
হারের পর গাম্ভিরের সংবাদ সম্মেলনে ওঠে পিচ নিয়ে প্রশ্ন। ভারত কোচ বলেন, নিজেদের চাওয়া মতোই উইকেট পেয়েছেন তারা।
“মূল কথা হলো, টার্নের বিপক্ষে কীভাবে খেলতে হয় এটা জানতে হবে। আমরা এমন উইকেটই চেয়েছি। আর সেটাই আমরা পেয়েছি। আমি মনে করি, কিউরেটর খুবই সহায়ক ছিলেন।”
“এই উইকেট ভয়ঙ্কর ছিল না। আমি এখনও বিশ্বাস করি, উইকেট যেমনই হোক না কেন, ১২৩ (১২৪) রান তাড়া করা সম্ভব ছিল। হ্যাঁ, এটা হয়তো এমন উইকেট নয় যেখানে বড় শট খেলা যায়। তবে মাথা নিচু করে খেলার ইচ্ছা থাকলে, এই উইকেটে অবশ্যই রান করা যায়।”
গুয়াহাটিতে আগামী শনিবার শুরু দুই দলের শেষ টেস্ট।
