০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিমানবন্দরে তিন দিন ‘আটকে থাকার পর’ দলের সঙ্গে রিশাদ ও নাহিদ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির মাত্র ১৮ ঘণ্টা আগে দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 02:30 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

ইমিগ্রেশন জটিলতায় তিন দিন বিমানবন্দরে আটকা থাকার পর শুক্রবার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। সব জটিলতা কাটিয়ে সিরিজের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তারা দুজন। 

বিসিবি পরিচালক ও মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার আহমেদ মিঠু শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন এই খবর। রিশাদ ও নাহিদকে বিমানবন্দরে আটকে রাখার সুনির্দিষ্ট কারণ জানে না বিসিবিও।  

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বুধবার দলের প্রথম বহরের সঙ্গে দেশ ছাড়েন রিশাদ ও নাহিদ। বাকিরা স্বাভাবিকভাবে সব প্রক্রিয়া অনুসরণ করে বিমানবন্দর থেকে বের হলেও, তখন সেই অনুমতি পাননি তারা দুজন। 

ইফতেখার আহমেদ জানান, দুজনের কাগজপত্র পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন রিশাদ ও নাহিদ।

“১৪ তারিখ দলের সঙ্গেই গিয়েছিল রিশাদ ও নাহিদ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সবাই বের হলেও, ওদের দুজনকে তখন অনুমতি দেওয়া হয়নি। বরং ওদের কাগজপত্র দেখে ওপরে নিয়ে যাওয়া হয়।” 

“একটা পর্যায়ে ওদের সঙ্গে যোগাযোগও করতে পারছিলাম না আমরা। ওদের কিন্তু বাংলাদেশ থেকে ঠিকঠাক ভিসা করিয়েই পাঠানো হয়েছে। কিন্তু ওদের কেন আটকে দেওয়া হয়েছিল, সেটি আসলে নিশ্চিত নই।”

পরিস্থিতি সামাল দিতে আমিরাত ক্রিকেট বোর্ড ও দুবাইয়ে বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে বিসিবি।

“এমন অবস্থায় আমাদের এখানে বসে যা যা করার, সবই করেছি। আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। হাই কমিশনের সঙ্গেও আমাদের কথা হয়েছে। সব কিছু সমাধান করে শুক্রবার রাত আড়াইটায় রিশাদ ও নাহিদকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হয়েছে।”

তরুণ দুই ক্রিকেটারকে বিমানবন্দরে আটকে রাখার কারণ নিশ্চিতভাবে জানা নেই বিসিবির মিডিয়া বিভাগের প্রধানের।

“আমরা আসলে নিশ্চিতভাবে জানি না, কী কারণে ওদের বিমানবন্দরে রেখে দেওয়া হয়েছিল। আর ইমিগ্রেশন থেকে তো সাধারণত এসব তথ্য দেওয়া হয় না। আমরাও বা কাকে জিজ্ঞেস করব এই বিষয়ে?”

চলতি মাসেই ভারত-পাকিস্তান সংঘাতের আগে রিশাদ ও নাহিদ ছিলেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। নিরাপত্তা শঙ্কায় টুর্নামেন্ট স্থগিত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বিশেষ ফ্লাইটে গত ৯ মে রাতে পাকিস্তান ছেড়ে দুবাইয়ে যান তারা। 

পরদিনই দুজন চলে আসেন বাংলাদেশে। বিসিবির ধারণা, পাকিস্তান থেকে দুবাই যাত্রার ওই সময়েই কোনো কাগুজে প্রক্রিয়া হয়তো বাকি ছিল রিশাদ ও নাহিদের।   

“ধারণা করছি, পিএসএল থেকে যখন ওরা দুজন দুবাই এসেছিল, তখন কিন্তু ওই দেশের ভিসা ছিল না। বিশেষ পরিস্থিতি বিবেচনায় ওরা দুবাইয়ে যায়। পরে আবার বাংলাদেশে চলে আসে। তো তখন হয়তো কোনো পেপারওয়ার্ক বাকি ছিল। আমরা এটা ধারণা করছি। নিশ্চিতভাবে আসলে বলা যাচ্ছে না কেন এমন হলো।”

সব জটিলতা কাটিয়ে প্রথম ম্যাচ শুরুর ১৮ ঘণ্টা বাকি থাকতে দলের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ ও নাহিদ। আমিরাতে পৌঁছে বাংলাদেশ দল দুই দিন অনুশীলন করলেও সেখানে থাকতে পারেননি তারা।

তাই প্রথম ম্যাচে রিশাদ ও নাহিদকে একাদশে নামানো হবে কি না, এখন সেই সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু প্রথম টি-টোয়েন্টি।