দুঃসময় থেকে রাহুলের উপলব্ধি, ‘সামাজিক মাধ্যমে নিজেকে প্রকাশ করে লাভ নেই’
খারাপ সময়ের অপমান-ট্রল নিয়ে ভারতীয় ব্যাটসম্যান বললেন, সামাজিক মাধ্যম থেকে দূরে সরেই নিজেকে খুঁজে পেয়েছেন তিনি এবং উপলব্ধি করেছেন, পারফরম্যান্সই একমাত্র জবাব।
রবি শাস্ত্রী বলছেন, লোকেশ রাহুলের টেস্ট ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি এটি। সুনিল গাভাস্কার তো আরেক ধাপ এগিয়ে বললেন, গত ৫০ বছরে ভারতের সেরা ১০ টেস্ট ইনিংসের একটি এই সেঞ্চুরি। সামাজিক মাধ্যমেও চলছে রাহুল-বন্দনা। তবে এসব দেখে উচ্ছ্বাসের জোয়ারে ভেসে যাচ্ছেন না রাহুল। দুঃসময়ের যন্ত্রণা যে তিনি ভোলেননি!
কয়েক মাস আগেও চোটের সঙ্গে লড়তে হয়েছে রাহুলকে। ফর্মহীনতায় আন্তর্জাতিক ক্যারিয়ারও ছিল অনিশ্চয়তায়। সামাজিক মাধ্যমে তো নিত্যই ট্রল আর তাচ্ছিল্যের শিকার হতে হয়েছে তাকে। সেই সময়টাই তাকে শিখিয়েছে, পারফরম্যান্সই একমাত্র জবাব। সামাজিক মাধ্যমকে এড়িয়ে তিনি মনোযোগ দিয়েছেন কেবলই ২২ গজে।
সেই ফলও পাচ্ছেন। চোটের পর গত সেপ্টেম্বরে ওয়ানডে ক্রিকেটে ফিরেই দুর্দান্ত সেঞ্চুরি, বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার টেস্ট ক্রিকেটে স্মরণীয় এক সেঞ্চুরি করেছেন সেঞ্চুরিয়নে। দলের বিপর্যয়ের মধ্যে নেমে দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিং আক্রমণ সামলে খেলেছেন অসাধারণ এক ইনিংস। চোখধাঁধানো সব স্ট্রোকের পসরা সাজিয়ে ১৪ চার ও ৪ ছক্কায় তার ১৩৭ বলে ১০১ রানের ইনিংসটিই ভারতের রানকে নিয়ে যায় ভদ্রস্থ পর্যায়ে।
ওয়ানডেতে এই বছর ১ হাজার ৬০ রান করেছেন তিনি ৬৬.২৫ গড়ে। এর আগে এক পঞ্জিকাবর্ষে ৬০০ রানও ছিল তার কখনও। এই দক্ষিণ আফ্রিকা সফরের আগে টেস্ট ক্রিকেটে তিনি ধুঁকছিলেন। গত ডিসেম্বরে বাংলাদেশ সফর, এরপর বছরের শুরুতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভালো করতে পারেননি। টানা ১০ ইনিংসে ফিফটি না পাওয়ায় জায়গা হারান দলে।
এরপর মূলত ওয়ানডের পারফরম্যান্সের কারণেই এবারের দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা ফিরে পান। ইশান কিষান ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাওয়ায় একাদশের দুয়ারও খুলে যায়। এরপর ব্যাট হাতে পারফর্ম করে তিনি নিজেই নিশ্চিত করলেন, এই দুয়ার আপাতত বন্ধ করা যাবে না।
স্বাভাবিকভাবেই চারপাশে এখন রাহুল-স্তুতি চলছে। কিন্তু কিছুদিন আগের দুঃসময়কে তিনি ভোলেননি। অকপটেই শিকার করলেন, সামাজিক মাধ্যমের ট্রল-সমালোচনা তার খেলায় প্রভাব ফেলেছিল।
“এটা অবশ্যই কঠিন…। সবারই ব্যক্তিত্ব আছে, নিজস্ব ধরন ও চারিত্রিক বৈশ্যিষ্ট্য আছে। আন্তর্জাতিক ক্রিকেট খেললে এই সবকিছুই পরীক্ষার মুখোমুখি হয়। একজন ব্যক্তি হিসেবে, ক্রিকেটার হিসেবে, মানুষ হিসেবে প্রতিদিন প্রতি মূহুর্তে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সামাজিক মাধ্যমের চাপ প্রবল। আজকে লোকে আমার প্রশংসা করছে, তিন-চার মাস আগে তারা আমার পেছনে লেগে ছিল। সবকিছুই খেলার অংশ। তবে বলব না যে, এসব আমাকে প্রভাবিত করেনি।”
“যত দ্রুতই বোঝা যায় যে, এসব থেকে দূরে থাকতে পারলেই নিজের খেলার জন্য ও মানসিকতার জন্য ভালো, ততই মঙ্গল। কোথায় সীমানা টানতে হবে, এটা জানলে আরও ভালো পারফর্ম করা যায়। তবে এত বেশি সমালোচনা হয় যে, এসব পুরোপুরি উপেক্ষা করা সম্ভব নয়, তা সে যতই গ্রেট হোক না কেন। কেউ যদি বলে, এসবে প্রভাবিত হয় না, তাহলে আমি নিশ্চিত যে, সে মিথ্যা বলছে।”
গত এপ্রিলে আইপিএলে চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয় রাহুলকে। টেস্ট দল থেকে তখন এমনিতেও বাইরে তিনি। ওয়ানডেতেও যুগের দাবি মেটাতে পারবেন কি না, এই প্রশ্ন উঠছিল। সব মিলিয়ে জাতীয় দলে তার ক্যারিয়ারের সামনে ছিল বড় প্রশ্নবোধক চিহ্ন।
রাহুল বললেন, খেলার বাইরে থাকার সময়টাতেই উত্তর খুঁজে পেয়েছেন তিনি। আবার ফিরে পেয়েছেন আপন সত্ত্বা।
“চোট যখন এলো এবং খেলা থেকে লম্বা সময় দূরে ছিলাম, তখনই নিজেকে নিয়ে কাজ করেছি ও চেষ্টা করেছি আপন রূপে ফিরতে। উপলব্ধি করতে পেরেছিলাম যে, এসবের (সামাজিক মাধ্যম) প্রভাব পড়তে দেওয়া যাবে না এবং নিজেকে বদলানো যাবে না। কোনোভাবেই নিজেকে বদলানো উচিত নয়।”
“চারপাশে যখন এত কিছু হচ্ছে, নিজের মতো থাকা সত্যিই কঠিন। নিজের ব্যক্তিত্বে অটল থাকা সবচেয়ে কঠিন। তবে ক্রিকেট ও জীবনে অন্য অনেক কিছুর মতো, এটি নিয়েও কাজ করার জায়গা ও সুযোগ আছে। মানসিকতা উন্মুক্ত থাকলে সাহায্য করার লোক পাওয়া যায়। বাইরে থাকার সময়টায় নিজেকে নিয়ে কাজ করেছি, আরও ধীরস্থির হয়েছি এবং নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করতে শিখেছি।”
সেই সময়টায় আরেকটি কঠিন সত্যকে উপলব্ধি করেছেন রাহুল, পারফরম্যান্সের চেয়ে বড় জবাব আর নেই।
“সামাজিক মাধ্যমে নিজেকে প্রকাশ করে লাভ নেই। আমি যতকিছুই ব্যাখ্যা করি না কেন, লোকে যা বলতে চায়, তারা তা বলবেই। আমি যা উপলব্ধি করতে পেরেছি, তা হলো, লোকের সম্মুখে থাকলে, পারফরম্যান্স দিয়েই কেবল নেতিবাচকতা থেকে দূরে থাকা যায়। এজন্যই নিজের খেলায় আর পারফরম্যান্সে মনোযোগী হয়েছি। এসব জায়গা (সামাজিক মাধ্যম) থেকে যত দূরে থাকা যায়, ততই ভালো।”
