তাসকিনের ৭ উইকেটের পর এনামুল-বার্লের ঝড়
বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে দুর্বার রাজশাহীর প্রথম জয়ের নায়ক তাসকিন আহমেদ।
রেকর্ড বইয়ে ঝড় তুলে ৭ উইকেট নিলেন তাসকিন আহমেদ। তবু লড়াইয়ের পুঁজি পেয়ে গেল ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর শুরুটাও হলো নড়বড়ে। তবে ঝড়ো ব্যাটিংয়ে শঙ্কার মেঘ উড়িয়ে দিলেন এনামুল হক ও রায়ান বার্ল। প্রথম জয়ের স্বাদ পেল রাজশাহী।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তাসকিনের ৭ উইকেট নেওয়ার দিন রাজশাহীর জয়ও ৭ উইকেটে।
টস জিতে ব্যাট করতে নামা ঢাকার ব্যাটিং অর্ডার কাঁপিয়ে ৪ ওভারে মাত্র ১৯ রানে ৭ উইকেট নেন তাসকিন। তবু শাহাদাত হোসেন, স্টিফেন এসকেনাজির ব্যাটে ১৭৪ রানের সংগ্রহ পায় ঢাকা।
জবাবে অবশ্য ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রাজশাহী। টানা দ্বিতীয় ফিফটি করা এনামুল ৪৬ বলে খেলেন ৭৩ রানের ইনিংস। ৯ চারের সঙ্গে তিনি মারেন ৩টি ছক্কা। বার্লের ব্যাট থেকে আসে ৫ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৫৫ রান।
বিপিএল ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে অনুমেয়ভাবেই ম্যাচ-সেরার পুরস্কার পান তাসকিন। আগের রেকর্ড ছিল মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা ছিল আবু হায়দারের ১২ রানে ৫টি।
শুরুতেই তাসকিনের জোড়া আঘাত
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ঢাকার দুই ওপেনারকে শুরুতেই ড্রেসিং রুমে ফেরত পাঠান তাসকিন। দ্বিতীয় ওভারে ইয়াসির আলি চৌধুরির হাতে ক্যাচ দেন লিটন কুমার দাস। পাঁচ বলে রানের খাতা খুলতে পারেননি তিনি। পরের ওভারে কট বিহাইন্ড হন তানজিদ হাসান।
এসকেনাজি-শাহাদাতের জুটি
অল্পেই দুই ওপেনারের উইকেট হারানোর পর দলের হাল ধরেন এসকেনাজি ও শাহাদাত। মাত্র ৪৭ বলে দুজন মিলে গড়ে তোলেন ৭৯ রানের জুটি। দুজনের পাল্টা আক্রমণে পাওয়ার প্লেতে ৫৬ রান পায় ঢাকা।
চতুর্থ ওভারে তাসকিনের বলে জোড়া চার মারেন শাহাদাত। পরের ওভারে শফিউল ইসলামের বলে দুটি ছক্কার পর চার মারেন এসকেনাজি। মোহর শেখের ওভারে দুটি চার মেরে দলের পঞ্চাশ পূর্ণ করেন শাহাদাত।
নবম ওভারে সাব্বির হোসেনের বলে তিনটি চার মারেন এসকেনাজি। এক ওভার পর তাকে থামান হাসান মুরাদ। বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফেরার আগে ৬ চার ও ২ ছক্কায় ২৯ বলে ৪৬ রান করেন ইংলিশ ব্যাটসম্যান।
পেরেরার ক্যামিও, ফিফটির পর শাহাদাতের বিদায়
ক্রিজে গিয়ে প্রথম বলেই ছক্কা মারেন থিসারা পেরেরা। এক ওভার পর জিসান আলমের বল পাঠান একই ঠিকানায়। মোহরের বলে আবার বড় শটের খোঁজে সীমানায় ধরা পড়েন ঢাকা অধিনায়ক। দুই ছক্কা ও এক চারে তিনি করেন ৯ বলে ২১ রান।
পরের ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন শাহাদাত। এরপর টিকতে পারেননি। সপ্তদশ ওভারে নতুন স্পেলে ফিরে শাহাদাতকে আউট করেন তাসকিন। একই ওভারে চাতুরাঙ্গা ডি সিলভার উইকেটও নেন তিনি।
এরপর আবার তাসকিন
তাসকিনের জোড়া ধাক্কার পর শুভাম রঞ্জন ও আলাউদ্দিন বাবুর ঝড়ে দুই ওভারে ৩২ রান করে ঢাকা। রায়ান বার্লের বলে দুই চারের মাঝে ছক্কায় ওড়ান শুভাম। পরের ওভারে শফিউলের বল ছক্কায় ওড়ান আলাউদ্দিন।
তবে ঢাকার শেষটা প্রত্যাশামতো করতে দেননি তাসকিন। শেষ ওভারের দ্বিতীয় বলে আলাউদ্দিনকে ফিরিয়ে তিনি পূর্ণ করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট। পরের বলে বোল্ড মুকিদুল ইসলাম।
হ্যাটট্রিক বল ঠেকিয়ে দেন নাজমুল ইসলাম। পরের বলে শুভামকে ক্যাচ আউট করে সাত উইকেটের বিরল অর্জনে নাম লেখান তাসকিন।
তাসকিনের ৭
দুর্বার রাজশাহীর বোলিংয়ে তাসকিন একাই দাপট দেখান। মাত্র ১৯ রানে তার শিকার ৭টি। এছাড়া ওভারপ্রতি ৮ রানের কম দিতে পারেন শুধু জিসান আলম ও রায়ান বার্ল। বাকি চার বোলার খরচ করেন ওভারপ্রতি দশ রানের বেশি।
রাজশাহীর দুই ওপেনারও ব্যর্থ
রান তাড়ায় মুস্তাফিজুর রহমানের তৃতীয় বলে বাউন্ডারি মারেন মোহাম্মদ হারিস। পরের বল ওড়ান ছক্কায়। তবে টিকতে পারেননি তিনি। পঞ্চম বলেই পাকিস্তানি ব্যাটসম্যানকে ড্রেসিং রুমে পাঠিয়ে দেন মুস্তাফিজ।
চতুর্থ ওভারে আরেক ওপেনার জিসান আলমের উইকেট হারায় রাজশাহী। মুকিদুল ইসলামের বল পুল করার চেষ্টায় ক্যাচ দেন তরুণ ওপেনার। ৮ বলে কোনো রান করতে পারেননি জিসান।
ইয়াসিরকে নিয়ে এনামুলের প্রতিরোধ
দুই ওপেনারের বিদায়ের পর শুরুর ধাক্কা সামাল দেন এনামুল ও ইয়াসির। দুজন মিলে ৩৩ বলে যোগ করেন ৪২ রান।
শুরুতেই অবশ্য জীবন পান এনামুল। দ্বিতীয় ওভারে মুকিদুলের বলে ক্যাচ ছেড়ে দেন লিটন। ৪ রানে বেঁচে যান রাজশাহী অধিনায়ক।
দশম ওভারে জুটি ভাঙেন আলাউদ্দিন। সীমানায় ক্যাচ দেন ইয়াসির। আগের ম্যাচে ঝড় তোলা ব্যাটসম্যান এবার ২০ বলে করেন ২২ রান।
এনামুল-বার্লের ঝড়
১০ ওভার শেষে রাজশাহীর স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৭ রান। এরপর ঢাকার বোলারদের নিয়ে একরকম ছেলেখেলাই করেন এনামুল ও বার্ল। চতুর্থ উইকেটে দুজন মিলে মাত্র ৫৬ বলে গড়ে তোলেন ১০৬ রানের জুটি।
একাদশ ওভারে শুভামের বলে দুটি চার মারেন এনামুল। নাজমুলের বল পরপর দুই ছক্কায় ওড়ান বার্ল। পরের ওভারে মুকিদুলের বলে হ্যাটট্রিক চার মারেন জিম্বাবুয়ে অলরাউন্ডার।
পঞ্চদশ ওভারে পেরেরার বলে ছক্কা মেরে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে ১৭তম ফিফটি স্পর্শ করেন এনামুল। এক ওভার পর আলাউদ্দিনের বলে ছক্কার পর চার মারেন তিনি।
মুস্তাফিজ আক্রমণে ফিরলে প্রথম দুই বলে চার ও ছক্কা মারেন বার্ল। পরের ওভারে মুকিদুলের বল ছক্কায় উড়িয়ে ম্যাচ শেষ করেন এনামুল।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৭৪/৯ (লিটন ০, তানজিদ ৫, এসকেনাজি ৪৬, শাহাদাত ৫০, পেরেরা ২১, শুভাম ২৪, চাতুরাঙ্গা ১, আলাউদ্দিন ১৩, মুকিদুল ০, নাজমুল ১*, মুস্তাফিজ ১*; জিসান ৩-০-২০-০, তাসকিন ৪-০-১৯-৭, শফিউল ৪-০-৪৫-০, মোহর ২-০-২২-১, মুরাদ ২-০-২১-১, বার্ল ৪-০-৩১-০, সাব্বির ১-০-১৪-০)
দুর্বার রাজশাহী: ১৮.১ ওভারে ১৭৯/৩ (হারিস ১২, জিসান ০, এনামুল ৭৩*, ইয়াসির ২২, বার্ল ৫৫*; মুস্তাফিজ ৪-১-৩৩-১, মুকিদুল ৩.১-০-৩৭-১, আলাউদ্দিন ৪-০-৩৫-১, শুভাম ২-০-২৪-০, নাজমুল ৩-০-২৬-০, চাতুরাঙ্গা ১-০-৯-০, পেরেরা ১-০-৯-০)
ফল: দুর্বার রাজশাহী ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তাসকিন আহমেদ
