১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দ্যুতিময় ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে শান্ত

টেস্টের ব্যাটসম্যান ও বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন।

দ্যুতিময় ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে শান্ত
নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি উদযাপন। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 03:04 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। যেখানে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ১৬ ধাপ এগিয়েছেন শান্ত। ২৩তম স্থানে তার সঙ্গী পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম, যিনি মিরপুর টেস্টে খেলতে পারেননি।

ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় উন্নতি করেছে দেশের আরও কয়েকজন ক্রিকেটার।

পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। দলের স্মরণীয় জয়ের নায়কদের একজন শান্ত। প্রথম ইনিংসে ১০১ রান করা বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেন ৮৭ রান।

শান্তর সামনে সুযোগ ছিল তৃতীয়বার জোড়া সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডে নাম লেখানোর। কিন্তু অল্পের জন্য সেটি পারেননি তিনি। তবে একটি কীর্তি গড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান। মুশফিকুর রহিমকে পেছনে ফেলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতকের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে শান্তর সেঞ্চুরি সংখ্যা এখন পাঁচটি।

ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন শান্ত।

দুই ইনিংসে যথাক্রমে ৭১ ও ২২ রান করে মুশফিকের অগ্রগতি দুই ধাপ। বাংলাদেশের সাবেক অধিনায়ক আছেন ২৬তম স্থানে। আরেক সাবেক অধিনায়ক মুমিনুল হক এগিয়েছেন ১২ ধাপ। ৯১ ও ৫৬ রান করা বাঁহাতি ব্যাটসম্যানের অবস্থান এখনও ৩৫তম।

অভিষেকেই আলো ছড়িয়ে র‍্যাঙ্কিংয়ে ঢুকেছেন পাকিস্তানের আবদুল্লাহ ফাজাল ও আজান আওয়াইস। দুই ইনিংসেই ফিফটি করা ফাজাল আছেন ৭৫ নম্বরে। আর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজানের অবস্থান ৮২তম।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার উপরে ইংল্যান্ডের জো রুট। বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ। পাইস্তানের  নোমান আলি তিন ধাপ পিছিয়ে পাঁচ নেমে যাওয়ায় এক ধাপ করে এগিয়েছেন মিচেল স্টার্ক (দ্বিতীয়), ম্যাট হেনরি (তৃতীয়) ও প্যাট কামিন্স (চতুর্থ)।

পাকিস্তানকে হারানোর পথে বড় ভূমিকা রাখা নাহিদ রানা এগিয়েছেন পাঁচ ধাপ। আগুনে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পেসারের অবস্থান এখনও ৬৪তম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে এখন ত্রয়োদশ স্থানে।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পাকিস্তানি পেসার মোহাম্মাদ আব্বাস পুনরায় র‍্যাঙ্কিংয়ে ঢুকেছেন। ২৮তম স্থানে আছেন তিনি।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় ভারতের রাভিন্দ্রা জাদেজা।