বুমরাহর ২ কোটি রুপি ক্ষতি পুষিয়ে দেওয়ার পথ খুঁজছে ভারতীয় বোর্ড
তিন সংস্করণের ভারতীয় দলে অপরিহার্য হলেও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আয় দুই কোটি কমে যাচ্ছে জাসপ্রিত বুমরাহর।
সংস্করণ যেটিই হোক, ভারতের সবচেয়ে বড় ভরসা জাসপ্রিত বুমরাহ। তিন সংস্করণের ক্রিকেটেই তিনি অপরিহার্য। ম্যাচে প্রভাব বিস্তারী পারফরম্যান্সর দিক থেকে তিনি গোটা বিশ্বেই সেরাদের একজন। সেই ক্রিকেটারের আয় কি না উল্লেখযোগ্য পরিমাণে কমে যাচ্ছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে! সেই ক্ষতি এখন পুষিয়ে দেওয়ার উপায় খুঁজছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
গত মাসে প্রকাশিত ভারতীয় বোর্ডের নতুন চুক্তিতে শীর্ষ ক্যাটাগরিতেই রাখা হয়েছে বুমরাহকে। তবে গতবার তিনি ছিলেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। কিন্তু সব সংস্করণে নিয়মিত খেলার মতো যথেষ্ট ক্রিকেটার নেই বলে এবার ‘এ প্লাস’ ক্যাটাগরিই রাখা হয়নি। শীর্ষ ক্যাটাগরি এবার ‘এ’, যেখানে বুমরাহর সঙ্গী শুবমান গিল ও রাভিন্দ্রা জাদেজা।
গতবারের চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরির পারিশ্রমিক ছিল বছরে ৭ কোটি রুপি, ‘এ’ ক্যাটাগরিতে ৫ কোটি রুপি, ‘বি’ ক্যাটাগরিতে ৩ কোটি ও ‘সি’ ক্যাটাগরিতে ১ কোটি রুপি। এবারের পারিশ্রমিক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এখনও।
টি-টোয়েন্টি ও টেস্ট থেকে রোহিত শার্মা ও ভিরাট কোহলির অবসরের পর এবং টি-টোয়েন্টি থেকে রাভিন্দ্রা জাদেজার অবসরের পর তিন সংস্করণে নিয়মিত খেলার মতো ক্রিকেটার আপাতত বুমরাহ একাই। তার একার জন্য আলাদা একটি ক্যাটেগরি রাখা হয়নি। অন্যদের যোগ্যতা না থাকায় তো তার দায় নেই! এই পেসারের আর্থিক ক্ষতির ব্যাপারটি তাই আলোচনায় উঠে আসছে।
বিসিসিআইয়ের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, বুমরাহর ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যাপারটি তারা বাবছেন।
“বুমরাহকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, তা খতিয়ে দেখছে বোর্ড। এটা বোধগম্যই যে, তার পারিশ্রমিক ৭ কোটি থেকে কমিয়ে ৫ কোটি করাটা অন্যায্য হবে। আরও কিছু ক্রিকেটার আছেন, যারা ভালো পারফর্ম করা সত্ত্বেও এক ধাপ নিচে নেমে গেছেন বলে মনে হচ্ছে। তাদের চুক্তির মূল্যায়নেও পুনর্বিবেচনা হতে পারে।”
তিন সংস্করণে নিয়মিত খেলার মতো অপরিহার্য একমাত্র বুমরাহ হলেও অন্য কয়েকজনও নিজেদের বঞ্চিত ভাবতে পারেন চুক্তিতে। আকসার প্যাটেল যেমন তিন সংস্করণে থাকতে পারেন। অথচ তাকে রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে।
মোহাম্মাদ সিরাজ খেলতে পারেন তিন সংস্করণে। লোকেশ রাহুল ও রিশভ পান্ত আপাতত টি-টোয়েন্টি দলের বাইরে থাকলেও অন্য দুই সংস্করণের দলের গুরুত্বপূর্ণ অংশ। সীমিত ওভারের দুই সংস্করণে নিয়মিত হার্দিক পান্ডিয়া। তাদের সবাইকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।
নতুন চুক্তির তালিকা নিয়ে তাই আরেকবার ভাবতে হচ্ছে ভারতীয় বোর্ডকে।
