বিশ্বকাপে না খেলা ছিল সরকারের বড় ভুল: মুম্বাইয়ে সাকিব
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে নিজের ভাবনা তুলে ধরলেন সাকিব আল হাসান।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারায় বাংলাদেশ ক্রিকেটের বড় ক্ষতি হয়েছে বলে মনে করেন সাকিব আল হাসান। এজন্য তখনকার অন্তর্বর্তীকালীন সরকারকে কাঠগড়ায় তুললেন এই অলরাউন্ডার।
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয় গত জানুয়ারির শুরুতে। ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর সেদিন রাতেই সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান তখনকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পরদিন সামাজিক মাধ্যমে তিনি জানান, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।
এরপর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে আইসিসির পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করা হয় বাংলাদেশকে রাজি করাতে। অনলাইনে বৈঠক হয় দুই পক্ষের, আইসিসির প্রতিনিধি দল সশরীরে এসেও সভা করে যায়। কিন্তু বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার অবস্থানেই অটল ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়।
মুম্বাইয়ে বুধবার ইইউ টি-টোয়েন্টির জার্সি উন্মোচন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে নিজের ভাবনা তুলে ধরলেন সাকিব।
“আমি মনে করি এটি বড় ক্ষতি। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি বিরাট অপূর্ণতা। কারণ আমরা দেশ হিসেবে আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপে ও অন্যান্য ম্যাচে খেলতে দেখতে ভালোবাসি।”
“আমরা ক্রিকেটপ্রেমী জাতি। আর বাংলাদেশের মতো একটি দেশের বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা ছিল বিরাট অপূর্ণতা। আমি মনে করি, বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি (অন্তর্বর্তীকালীন) সরকারের পক্ষ থেকে বড় ভুল ছিল।”
