বিগ ব্যাশে ওয়ার্নারের দলে অশ্বিন
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগের আগামী আসরের শেষ দিকে দেখা যাবে ভারতের সাবেক স্পিনারকে।
ক্যারিয়ারে নতুন অভিযানে আরেকটি পদক্ষেপ নিয়েছেন রাভিচান্দ্রান অশ্বিন। বিগ ব্যাশের আগামী আসরের জন্য সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছেন ভারতের অফ স্পিনিং গ্রেট। যেখানে তিনি অধিনায়ক হিসেবে পাবেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে।
ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন অশ্বিন। উইমেন’স বিগ ব্যাশে স্মৃতি মান্ধানা, জেমিমাহ রদ্রিগেসসহ খেলেছেন ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় পুরুষ ক্রিকেটাররা দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি পান না। সেই বাধা এখন আর নেই অশ্বিনের।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে অনেকটা চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলাও তাতে থেমে যায়। গত মাসের শেষ দিকে আচমকা আইপিএলকেও বিদায় বলে দেন তিনি।
আইপিএল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার সময় বিশ্বের বিভিন্ন লিগে খেলতে চাওয়ার কথা বলেছিলেন অশ্বিন। সেই লক্ষ্যে ভালোভাবেই এগোচ্ছেন তিনি। দুই দিন আগে নাম দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-টোয়েন্টির নিলামে, সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এবার চুক্তি করলেন বিগ ব্যাশের দলের সঙ্গে।
আগামী ১ অক্টোবরের নিলামে দল পেলে আইএলটি-টোয়েন্টির চতুর্থ আসরের পুরোটায় খেলবেন অশ্বিন। আগামী ২ ডিসেম্বর শুরু হয়ে ছয় দলের এই প্রতিযোগিতা শেষ হবে ৪ জানুয়ারি।
আর বিগ ব্যাশের আগামী আসর শুরু হবে ১৪ ডিসেম্বর। হোম ও অ্যাওয়ে পদ্ধতির প্রাথমিক পর্বের ম্যাচগুলো হবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ফাইনালসহ পরের ধাপের চারটি ম্যাচ হবে ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।
বিগ ব্যাশের শেষ দিকে অশ্বিনকে পাবে সিডনি থান্ডার। প্রাথমিক পর্বে সিডনি থান্ডারের শেষ চার ম্যাচ আগামী ৬, ১০, ১২ ও ১৬ জানুয়ারি। আর আইএলটি-টোয়েন্টিতে অশ্বিনের দল যদি আগেভাগে বিদায় নেয়, তাহলে আরও আগে তাকে পেতে পারে সিডনি থান্ডার।
বিগ ব্যাশের গত আসরে ওয়ার্নারের নেতৃত্বে ফাইনাল খেলেছিল সিডনি থান্ডার। কিন্তু তাদের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জেতে হোবার্ট হারিকেন্স।
এখন পর্যন্ত কেবল একবারই বিগ ব্যাশ চ্যাম্পিয়ন্স হয়েছে সিডনি থান্ডার। ২০১৫-১৬ মৌসুমে মেলবোর্ন স্টার্সকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল তারা।
