বিশ্বকাপের ঠিক আগে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে শারজাহতে।
বিশ্বকাপের আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ তো থাকবেই। এর আগে আন্তর্জাতিক সিরিজ দিয়েও বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শারজাহতে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দুই দল।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্যারিবিয়ানদের সঙ্গে আফগানদের তিন ম্যাচের সিরিজটি হবে ৯, ২১ ও ২২ জানুয়ারি।
ভারত ও শ্রীলঙ্কার আট ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ। ভেন্যু চূড়ান্ত হলেও টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি এখনও প্রকাশ করা হয়নি।
বিশ্বকাপের জন্য তৈরি হতে আফগানিস্তানের সঙ্গে সিরিজটিকে উপযুক্ত মঞ্চ মনে করছেন উইন্ডিজ ক্রিকেটের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকম্ব।
“আমাদের প্রস্তুতির আদর্শ একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে এই সিরিজটি। উপমহাদেশের মতো কন্ডিশনে শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলে আমরা দলীয় সমন্বয় ও খেলার ধরন আরও ক্ষুরধার করতে পারব এবং ভারত ও শ্রীলঙ্কার মতো একইরকম উইকেটে খেলে আমাদের ছেলেদের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ করে দেবে।”
আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত ৮টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। সেখানে ক্যারিবিয়ানদের জয় ৫টি, আফগানদের ৩টি। এই দুই দলের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হতে যাচ্ছে ৬ বছরের বেশি সময় পর।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলেছিল আফগানিস্তান, ঘরের মাঠে সুপার এইট পর্ব উতরাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
