এক ম্যাচ খেলেই একাদশে জায়গা হারালেন লিটন
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যর্থ হওয়া বাংলাদেশের ব্যাটসম্যানকে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাদশে রাখা হয়নি।
আইপিএল অভিষেকে উইকেটের সামনে-পেছনে বিবর্ণ পারফরম্যান্সের পর কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা হারালেন লিটন কুমার দাস। তার জায়গায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সুযোগ পেলেন অলরাউন্ডার ডেভিড ভিসা।
কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন কলকাতার অধিনায়ক নিতিশ রানা।
আগের ম্যাচের একাদশ থেকে আরও একটি পরিবর্তন আছে কলকাতার। মানদিপ সিংয়ের জায়গায় ফেরানো হয়েছে কিপার ও ওপেনার ব্যাটসম্যান নারায়ন জগদিসানকে।
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ এর জন্য পাঁচ বদলি খেলোয়াড়ের তালিকায় অবশ্য রাখা হয়েছে লিটন ও মানদিপকে।
কলকাতা দলে যোগ দিয়ে দুই ম্যাচ বাইরে থাকার পর গত বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলার সুযোগ পান লিটন। বাংলাদেশের ব্যাটসম্যান প্রথম বলে চার মেরে শুরু করলেও দ্রুতই আউট হন বাজে শট খেলে। ৪ বলে করেন ওই ৪ রান।
কম রানের ম্যাচে পরে উইকেটের পেছনে দুটি স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন তিনি। কলকাতার ১২৭ রান দিল্লি পেরিয়ে যায় ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে।
