২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএলটি-টোয়েন্টিতে শারজাহর প্রধান কোচ দুমিনি

এখন সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন সাবেক এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 07:23 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

নতুন দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি দুমিনি। তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্স।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিং পেশায় মনোযোগ দেন দুমিনি। ৪০ বছর বয়সী সাবেক ক্রিকেটার এখন সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ। গত বছরের শেষ দিকে দায়িত্বটি নেন তিনি।

২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন দুমিনি। ৪৬ টেস্ট, ১৯৯ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি দক্ষিণ আফ্রিকার জার্সিতে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন সিপিএল, আইপিএল ও পিএসএলে। ২০২০ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন এই অলরাউন্ডার।

অবসরের পর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল বোল্যান্ড রকসের প্রধান কোচের দায়িত্ব পান দুমিনি। এর আগে জাতীয় দল ও লায়ন্সের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টির উদ্বোধনী আসরে পার্ল রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব নেন দুমিনি। এবার বিদেশি লিগেও কোচিং করাতে যাচ্ছেন তিনি।