‘রাতের ভোটকেও হার মানিয়েছে’, বিসিবি নির্বাচন বর্জন আরেক প্রার্থীর
এই নিয়ে সরে দাঁড়ালেন মোট ২০ প্রার্থী, ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি ও নির্বাচন কমিশন মিলে সাজানো নির্বাচন আয়োজন করছে, অভিযোগ রেদুয়ানের।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের প্রায় আধ ঘণ্টার সংবাদ সম্মেলন তখন শেষ। একটু পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাদেরকে ইঙ্গিত করেই এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বললেন, “আজকে যারা বক্তৃতা দিলেন, আমি একটু শুনেছি…’আমি অমুক করব, তমুক করব, আমি জেলা-বিভাগে খেয়াল রাখব, আমি জেলা বিভাগের সংগঠকদের জন্য ভাবব’, এসব আসলে আইওয়াশ।”
রেদুয়ান বিসিবির সাবেক পরিচালক। তবে এই মুহূর্তে তার মূল পরিচয়, তিনি ছিলেন বিসিবি নির্বাচনে পরিচালক পদপ্রার্থী। ‘ছিলেন’ বলতে হচ্ছে কারণ, নির্বাচনের আগের দিন সরে দাঁড়িয়েছেন ‘অনিয়ম, অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি’, এমন নানা অভিযোগে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গত বুধবার সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবালসহ ১৬ জন। পরে নির্বাচনের আগের দুই দিনে বর্জনের তালিকায় যোগ হলো আরও চারটি নাম। ক্লাব ক্যাটেগরির লুৎফর রহমান বাদল ও মেজর (অব.) ইমরোজ আহমেদ, জেলা-বিভাগের কোটা থেকে হাসিবুল আলম ও এই রেদুয়ান।
ঢাকা বিভাগের পরিচালক পদে জামালপুর ক্রীড়া সংস্থার কাউন্সিলর রেদুয়ানের লড়াই ছিল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর বিসিবি পরিচালক নাজমূল আবেদীনের সঙ্গে। রেদুয়ান সরে যাওয়ায় আমিনুল ও নাজমূল কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন।
শুধু এই দুজন নন, বেশির ভাগ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। দেশের একটি দৈনিক পত্রিকায় রোববার খবর প্রকাশিত হয়েছে, শুক্রবার রাতেই রাজধানীর একটি হোটেলে ক্লাব ক্যাটেগরির ১২ পরিচালক চূড়ান্ত করে ফেলা হয়েছে। সেটি তুলে ধরলেন রেদুয়ানও।
“আমি ঢাকা বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থা এবং জেলা ক্রিকেট সংস্থা থেকে প্রার্থী ছিলাম। আপনারা জানেন, আমার প্রার্থিতাও বাতিল করা হয়েছিল। সেটিও আমি অনেক কষ্ট করে পুনর্বহাল করেছি। বলেছিলাম, একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারি। কিন্তু আপনারা সবকিছুই দেখছেন, জানছেন। আজকে আমার দেশ পত্রিকায় রিপোর্টটাও পড়তে পারেন। ওখানে হেডলাইন এসেছে, বিসিবির নির্বাচন সুসম্পন্ন। নির্বাচন হওয়ার আগেই নির্বাচন শেষ হয়ে গেছে।”
আওয়ামী লিগ ক্ষমতায় থাকার সময় আলোচিত রাতের ভোটের সঙ্গে তুলনার প্রশ্নে রেদুয়ান বলেন, সেটিকেও ছাড়িয়ে গেছে বিসিবি নির্বাচন।
“রাতের ভোট তো, ওরা ব্যালট বাক্স ভরেছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা রাতের ব্যালট বাক্সকেও হার মানিয়ে ফেলেছে। হার মানিয়ে ফেলছে।”
“এই অবস্থায় ক্রিকেটের স্বার্থে, আমার সর্বশেষ কথা, এই অবস্থার পরিবর্তন চাই। এসব থাকুক, আমরা চাই না। সকলকে নিয়ে এই নির্বাচন বাতিল করে পুনরায় একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক। সেখানে যে নির্বাচিত হবে, তাকেই স্যালুট দেব।”
নির্বাচনের ই-ভোট নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ধরে রেদুয়ান বলেন, অনেক চেষ্টা করেও তিনি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারেননি।
“নির্বাচন কমিশনের সাথে বহুবার দেখা করতে চেয়েছি, আমার সাথে দেখা করেনি। দরখাস্তও দিয়ে দিতে চেয়েছিলাম যে, ই-ব্যালট ও পোস্টাল ব্যালট শুধু তাদেরকেই দেবেন, যারা দেশের বাইরে অথবা হাসপাতালে রোগী হিসেবে আছেন। যারা সুস্থ, যারা ঘুরেফিরে খাচ্ছেন, যারা কাউন্সিলর হয়েছেন, যারা হোটেলে বসে আমোদ-ফুর্তি করছেন, তারা কেন ই-ব্যালটে ভোট দিবেন?”
নির্বাচনে চোখ রেখেই মাত্র কিছুদিন আগে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আনা হয় আমিনুল ইসলাম বুলবুলকে, জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে আনা হয় নাজমূল আবেদীনকে। এটা নিয়েও প্রশ্ন তোলেন রেদুয়ান।
“আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি। লেজেন্ড হিসেবে উনাকে শ্রদ্ধা করি। তবে উনার উচিত হয়নি এই ঢাকা বিভাগীয় ক্রিকেট সংস্থা থেকে প্রার্থী হওয়া। উনি কোনোদিনই ঢাকা বিভাগের কোনো জেলারই কোনো সদস্য ছিলেন না। কোনো জেলারই কোনো ক্রিকেট নিয়ে উনি কাজ করেননি। আমি চ্যালেঞ্জ করতে পারি। একটি অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির মেম্বার হয়েছেন এবং কাউন্সিলর হয়েছেন। এবং উনি চিঠি দিয়ে সকল জেলায় অ্যাডহক কমিটির বাধ্যবাধকতা নির্ধারণ করেছেন।”
“একই প্রকার নাজমুল আবেদিন ফাহিম। উনার অ্যাডহক কমিটির সদস্য হওয়ার ব্যাপার দেখেন, ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় উনি কবে, কোন সময়, কোন উপজেলায়, কোন সময় সদস্য ছিলেন, কোন খেলা পরিচালনা করছেন? আমি একটু জানতে চাই। উনিও একই প্রক্রিয়ায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন। অত্যন্ত সুকৌশলে সারা দেশের যোগ্য ক্রীড়া সংগঠক যারা নিজ নিজ জেলার ক্রিকেট নিয়ে পড়ে থাকে, তাদেরকে বিদায় করে কিছু অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ক্রিকেট বোর্ডের কাউন্সিলর বানিয়েছেন।”
বিসিবি সভাপতি আমিনুলের সঙ্গে অনেকবার যোগাযোগ করতে চেয়েও তিনি পারেননি বলে অভিযোগ করলেন এই ক্রিকেট সংগঠক।
“আমিনুল ইসলাম বুলবুল সাহেব তো একজন ভোটার, আমি উনার কাছে ভোট চাইতে পারি। অথচ একটা দিন আমার ফোন রিসিভ করেননি উনি। বা পাল্টা কোনো মেসেজও পাঠাননি যে, ‘আমি পরে আপনাকে ব্যাক করছি।’ এটা তাহলে কিসের ভোট? আমি যদি একজন ভোটারের কাছে ভোটই চাইতে না পারি, কিসের ভোট?”
“আমি চারজন কাউন্সিলরের ফোন নাম্বার এখন পর্যন্ত পাইনি। বিসিবি আমাকে দেয়নি। তাহলে ভোট কি? তাহলে আমি কিভাবে ভোট করব? ভোটটা তো স্বচ্ছ না।”
নির্বাচনে ভোটারদের হুমকি দেওয়া বা ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলেন সাবেক এই বিসিবি পরিচালক। তার মতে, ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি কর্তারা মিলে সাজানো ভোটের ছক তৈরি করে ফেলেছেন।
“আজকেও আমি একজন ভোটারের কাছে, যাকে ফোন করে কোনোভাবেই ধরতে পারিনি। সেই গোপালগঞ্জের ভোটার। আমি ভোরবেলা গিয়েছি, তার বাসায় গিয়ে বলেছি ভোট দিতে। সেও সেখানে ভয় পায় যে, ‘আমি আপনাকে কিভাবে ভোট দিব? আমার ভোট তো মন্ত্রণালয়ের। মন্ত্রণালয় যেভাবে বলবে, আমি সেভাবে ভোট দেব।’ তাহলে নির্বাচন কোথায় আছে?”
“যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ডের আমিনুল আর ফাহিম সাহেবরা ও নির্বাচন কমিশন— বিনি সুঁতোর মালা গেঁথে ফেলেছেন। যে মালা আমার গলায় কস্মিনকালেও পরবে না। সুতরাং আমার আমি আজকে আপনাদের মাধ্যমে এই অস্বচ্ছ একটি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।”
