২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকিবুল-রাব্বির নৈপুণ্যে রোমাঞ্চ ছড়িয়ে ইমার্জিং দলের জয়

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় করল আকবর আলির নেতৃত্বাধীন দল।

রকিবুল-রাব্বির নৈপুণ্যে রোমাঞ্চ ছড়িয়ে ইমার্জিং দলের জয়
ট্রফি নিয়ে উল্লাস বাংলাদেশ ইমার্জিং দলের। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 06:26 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

মারুফ মৃধার  ডেলিভারি কাভারের দিকে ঠেলেই রানের জন্য ছুটলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান। দ্রুত বল ধরে সরাসরি থ্রোয়ে স্টাম্প এলোমেলো করলেন আরিফুল হক। ডাইভ দিয়ে মাথা তুলতেই নোবানি মোকোয়েনা দেখলেন আঙুল তুলে দিয়েছেন লেগ আম্পায়ার। আউট হয়ে যেন বিশ্বাসই করতে পারছিলেন না বাংলাদেশের জয়ের পথে কাঁটা হয়ে থাকা ব্যাটসম্যান!

তার অবিশ্বাসের কারণও আছে। পরে বারবার রিপ্লে দেখেও আসলে পরিষ্কার বোঝা যাচ্ছিল না, আদৌ তিনি আউট কি না। তবে স্বাগতিকদের অত ভাবার সময় কোথায়! আরিফুলকে মধ্যমণি করে ততক্ষণে উল্লাসে মাতোয়ারা তারা। 

রাজশাহীতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের তিন ম্যাচ সিরিজের ফয়সালা হলো এই রান আউটে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শুক্রবার ৩৪ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল আকবর আলির নেতৃত্বাধীন দল। 

দুই দলের নিচের দিকের ব্যাটসম্যানদের দারুণ পারফরম্যান্সের ম্যাচে ব্যাটে-বলে দারুণ অবদান রেখে বাংলাদেশের জয়ের নায়ক রকিবুল হাসান। দশ নম্বরে নেমে ৪২ রানের মহামূল্য ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। পরে বাঁহাতি স্পিনে তিনি গড়ে দেন পার্থক্য। ইনিংসের শুরুতে ক্ষুরধার বোলিংয়ে যেমন দলকে এনে দেন গুরুত্বপূর্ণ উইকেট, তেমনি শেষ দিকে আক্রমণে ফিরেও তিনি ছিলেন ত্রাতা। ভেঙে দেন দলের মাথাব্যথা হয়ে ওঠা জুটি। মাত্র ২৬ রানে তার প্রাপ্তি ৪ উইকেট।

সিরিজ নির্ধারণী ম্যাচটিতে বড় অবদান রাখেন মাহফুজুর রহমান রাব্বিও। দলের বিপর্যয়ের মুখে দায়িত্ব নিয়ে খেলেন ৫৮ রানের ইনিংস। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার পরে বল হাতে নেন ২ উইকেট। 

দারুণ থ্রোয়ে রান আউট করা আরিফুলকে ঘিরে বাংলাদেশ দলের উল্লাস। ছবি: বিসিবি।

দারুণ থ্রোয়ে রান আউট করা আরিফুলকে ঘিরে বাংলাদেশ দলের উল্লাস

নবম উইকেটে রাব্বি ও রকিবুলের জুটির লড়াইয়ে ২২৫ রান করে বাংলাদেশ। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকাও শুরুতে চাপে পড়ে যায়। শেষ দিকের ব্যাটসম্যানরা লড়াই করলেও ১৯১ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল্প গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে তারা। 

প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে শুধু আকবরই ত্রিশ ছুঁতে পারেন। আগের ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করা স্বাগতিক অধিনায়ক এবার আউট হন ৩৮ রানে। তবে তিন ম্যাচ মিলিয়ে ২২০ রান করে তিনিই সিরিজের সেরা। 

বাকিদের ব্যর্থতায় মাত্র ১১৮ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। পরে রকিবুলকে নিয়ে জুটি বাধেন রাব্বি। দুজন মিলে মাত্র ৭১ বলে গড়ে তোলেন ৮৪ রানের জুটি। 

দলকে দুইশ পার করিয়ে থামেন রকিবুল। প্রথম ম্যাচে শেষ দিকে ম্যাচ জেতানো ২৪ রান করা বাঁহাতি স্পিনার এবার ৫ চার ও ২ ছক্কায় করেন ৪০ বলে ৪২। 

রকিবুলের বিদায়ের পর শেষ উইকেটে আরও ২৩ রান যোগ করেন রাব্বি। শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৭৭ বলের ইনিংসে ৫ চারের সঙ্গে ছক্কা মারেন ৩টি। 

আগের দুই ম্যাচেই আগে ব্যাট করে তিনশ ছাড়ানো দক্ষিণ আফ্রিকা এবার রান তাড়ায় স্পিন জালে আটকা পড়ে। প্রথম ৯ উইকেটই নেন বাংলাদেশের ৪ স্পিনার। 

প্রথম ওভারেই আঘাত করেন রকিবুল। পঞ্চম ওভারে উইকেট এনে দের রাব্বি। শুরুর জোড়া ধাক্কা সামাল দেন জর্জ ফন হিয়ারডিন ও আন্দিলে মোগাকেন। দারুণ খেলতে থাকা এই ব্যাটারকেই ফেরান রকিবুল। 

অধিনায়ক আকবরের হাতে ট্রফি তুলে দিচ্ছেন জাতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক। ছবি: বিসিবি।

অধিনায়ক আকবরের হাতে ট্রফি তুলে দিচ্ছেন জাতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক

৩৪ করে ফেরেন অধিনায়ক হিয়ারডিন, ৩৫ রানে মোগাকেন। 

আগের দুই ম্যাচে দুর্দান্ত ব্যাট করা কনর এস্তেহেইজেন এবার ৫ রানেই ফিরতি ক্যাচ দেন রাব্বিকে। এরপর লেগ স্পিনার ওয়াসি পরপর দুই বলে সাফল্য পেলে মাত্র ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

অষ্টম উইকেটে প্রতিরোধ গড়েন টিয়ান ফন ফুরেন ও মোকোয়েনা। দুজন মিলে গড়েন ৫২ বলে ৫৪ রানের জুটি। ফিরতি ক্যাচে ফন ফুরেনকে (৩৪ বলে ৪০) আউট করে জুটি ভাঙেন শেখ পারভেজ জীবন। 

প্রোটিয়ারা হাল ছাড়েনি এরপরও। শেপো এনটুলিকে নিয়ে লড়াই চালিয়ে যান মোকোয়েনা। নবম উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করে বাংলাদেশকে শঙ্কায় ফেলে দলকে ১৯০ রানে পৌঁছে দেয় এই জুটি।

মরিয়া চেষ্টায় রকিবুলকে আক্রমণে ফেরান অধিনায়ক আকবর। নিজের শেষ ওভারের প্রথম বলেই এই স্পিনার ভেঙে দেন ৪২ রানের জুটি। এলবিডব্লিউ হয়ে যান এনটুলি। 

মোকোয়েনা ছিলেন বলে তবু আশা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু ওই রান আউটে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

তিন ম্যাচেই রাজশাহীর গ্যালারিতে ছিল উল্লেখযোগ্যসংখ্যক দর্শক। সবচেয়ে বেশি ছিল শেষ ম্যাচেই। সিরিজ জয়ের পর গোটা মাঠ ঘুরে দর্শকদের ভালোবাসার জবাবে কৃতজ্ঞতা জানান আকবর-রকিবুলরা। 

এক দিনের সিরিজ শেষে এবার দুটি চার দিনের ম্যাচে লড়বে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার শুরু প্রথম ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ ইমার্জিং: ৪৫.৫ ওভারে ২২৫ (মাহফিজুল ২৬, রিজওয়ান ০, রাফসান ১৯, আরিফুল ১১, আকবর ৩৮, প্রিতম ৩, রাব্বি ৫৮, পারভেজ ১, ওয়াসি ০, রকিবুল ৪২, মারুফ ১*; ফন ফুরেন ৬-২-৪১-২, মোকোয়েনা ৭.৫-১-৪২-১, ফরেস্টার ৫-০-৩৫-১, পিল্লে ৩-০-২১-১, নোয়ানডোয়া ৯-০-২৮-৩, এনটুলি ১০-৩-৩০-১, হিয়ারডিন ৫-০-২১-০)

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং: ৩৮.২ ওভারে ১৯১ (হিয়ারডিন ৩৪, প্রিন্স ২, সেলেটসোয়ানে ৫, মোগাকেন ৩৫, এস্তেহেইজেন ৫, ফরেস্টার ৬, পিল্লে ০, ফন ফুরেন ৪০, মোকোয়েনা ৩৭, এনটুলি ১৭, নোয়ানডোয়া ০*; মারুফ ৪.২-০-২৩-০, রকিবুল ১০-২-২৬-৪, রাব্বি ১০-০-৩৬-২, পারভেজ ৭-০-৩৯-১, ওয়াসি ৭-০-৬০-২)। 

ফল: বাংলাদেশ ইমার্জিং ৩৪ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রকিবুল হাসান

ম্যান অব দা সিরিজ: আকবর আলি