শেষ ওভারে নিজে বোলিং না করে যে কারণে আকসারকে আনলেন পান্ডিয়া
শেষ ওভারে ইচ্ছে করেই ঝুঁকি নিয়েছিলেন, ম্যাচ শেষে বললেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
৩ ওভারে স্রেফ ১২ রান দিয়েছেন হার্দিক পান্ডিয়া। দলের অধিনায়কও তিনি। আকসার প্যাটেলের ২ ওভারে রান ২১। তার ওপর আবার তিনি স্পিনার। অথচ শেষ ওভা ১৩ রানের সমীকরণে পান্ডিয়া নিজে বোলিংয়ে না এসে বল তুলে দিলেন আকসারের হাতেই!
সিদ্ধান্তটি তুমুল আলোচনার জন্ম দেয় তখনই। ধারাভাষ্যকক্ষেও শোনা যায় বিস্ময়। শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার টি-টোয়েন্টি ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত নাটকীয়ভাবে জিতে নেয় ভারতই। ম্যাচের পর ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্যাখ্যা করেন তার সিদ্ধান্তের পেছনের কারণ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে ১৬৩ রান তাড়ায় শেষ দুই ওভারে দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কার প্রয়োজন পড়ে ২৯ রানের। হার্শাল প্যাটেলের করা ১৯তম ওভারে ১৬ রান তোলেন চামিকা করুনারত্নে ও কাসুন রাজিথা। শেষ ওভারে সবাইকে অবাক করে আকসারকে আক্রমণে আনেন পান্ডিয়া।
এই বাঁহাতি স্পিনার শুরু করেন ওয়াইড দিয়ে। পরের বলে এক রান নেন রাজিথা। করুনারত্নে স্ট্রাইকে গিয়ে একটি বলে রান নিতে পারেননি, পরেরটি ওড়ান ছক্কায়। এরপর আবার ডট বল। দুই বলে তখন প্রয়োজন ৫ রানের। কিন্তু আকসার বেশ আঁটসাঁট বোলিং করেন। কোনোটিতেই বড় শট খেলতে পারেননি করুনারত্নে। দুই বলেই দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে যান শ্রীলঙ্কার শেষ দুই ব্যাটসম্যান। ভারত ম্যাচ জিতে নেয় ২ রানে।
ম্যাচের পর সবার কৌতূহলের জবাব দিলেন পান্ডিয়া। এই অলরাউন্ডার বললেন, ইচ্ছে করেই দলকে ঝুঁকিতে ফেলেছিলেন তিনি।
“আমি চাই দলকে কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়ে পরখ করতে। কারণ, বড় ম্যাচে এটা আমাদের সহায়তা করবে। দ্বিপাক্ষিক সিরিজে আমরা এমনিতেই বরাবরই ভালো। কিন্তু এভাবেই নিজেদের চ্যালেঞ্জ জানিয়ে যেতে হবে আমাদের। এই চেষ্টা করতে গিয়ে মাঝেমধ্যে দু-একটি ম্যাচ হয়তো আমরা হেরে যাব। তাতে সমস্যা নেই। কিন্তু দীর্ঘমেয়াদে ভাবলে এটা বড় টুর্নামেন্টে বড় ম্যাচে আমাদের সহায়তা করবে, যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে।”
তিন ম্যাচ সিরিজের পরের ম্যাচটি পুনেতে, বৃহস্পতিবার।
