২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধোনি অধিনায়ক হলে বেঙ্গালোরের তিনটি আইপিএল ট্রফি থাকত’

মাঠে ধোনির শান্ত মেজাজ ও দক্ষতা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, বলছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2023, 09:08 PM

Updated : 07 May 2023, 09:11 PM

আইপিএলের প্রতি আসরেই তারকাবহুল দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। টুর্নামেন্টের শুরু থেকে দলটিতে আছেন বিরাট কোহলির মতো ক্রিকেটার। এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো তারকা দলটিতে খেলেছেন লম্বা সময়। তারপরও দলটির এখনও কোনো আইপিএল ট্রফি জিততে না পারাটা একটা রহস্যই বটে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম মনে করেন, মহেন্দ্র সিং ধোনি বেঙ্গালোরের অধিনায়ক থাকলে এতদিনে দলটি তিনবার চ্যাম্পিয়ন হতে পারত।

ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের ষোড়শ আসর চলমান এখন। আগের ১৫ আসরের ৮টিতে অন্তত প্লে-অফে খেলেছে বেঙ্গালোর। এর মধ্যে তিনবার ফাইনালেও খেলেছে তারা, কিন্তু একটি ট্রফি এখনও অধরাই রয়ে গেছে। ২০১৩ থেকে ২০২১ আসর পর্যন্ত দলটিকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। গত আসর থেকে অধিনায়কত্ব করছেন ফাফ দু প্লেসি।

অন্যদিকে, ধোনির নেতৃত্বে চারটি আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। চলতি আসরেও দলটি শিরোপা দৌড়ে আছে ভালোভাবেই।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শনিবার বেঙ্গালোরের হারের পর ক্রীড়া ওয়েবসাইট ‘স্পোর্টসকিডা’র এক অনুষ্ঠানে ওয়াসিমের কাছে জানতে চাওয়া হয়, ধোনি যদি বেঙ্গালোরের অধিনায়ক থাকতেন তাহলে কী হতো? সাবেক পাকিস্তানি পেসার তুলে ধরেন তার অভিমত।

“এমএস ধোনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অধিনায়ক থাকলে দলটির তিনটি আইপিএল ট্রফি থাকত। সেখানে এখন পর্যন্ত দলটি একবারও জিততে পারেনি। তাদের অনেক সমর্থন আছে। এছাড়াও তাদের আধুনিক যুগের শীর্ষ খেলোয়াড় বিরাট (কোহলি) রয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা (শিরোপা) জিততে পারেনি। যদি ধোনি বেঙ্গালোরে থাকত, তাহলে সে শিরোপা জিততে সাহায্য করত।”

তিনটি আইসিসি ট্রফিজয়ী সাবেক ভারতীয় অধিনায়ক ধোনির শান্ত মেজাজ ও দক্ষতা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে বলে মনে করেন ওয়াসিম।

“ধোনির অধিনায়কত্ব করার অভ্যাস আছে। অধিনায়কত্ব এক ধরনের অভ্যস্ততাও বটে। এখন বিরাটও (কোহলি) এর সঙ্গে অভ্যস্ত, কিন্তু ধোনির মধ্যে আগে থেকেই এই গুণ ছিল। সে (ধোনি) ভেতর থেকে শান্ত নয়, কিন্তু বাইরে থেকে দেখায় সে শান্ত।”

“খেলোয়াড়রা যখন দেখে যে তাদের অধিনায়ক শান্ত, তাদের কাঁধে হাত রাখে, তখন খেলোয়াড়রা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ধোনি এমন একজন, যে তার খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে জানে।”

চলতি আইপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে দ্বিতীয় স্থানে আছে ধোনির চেন্নাই। ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বেঙ্গালোর।