‘অদ্ভুত’ অভিজ্ঞতার অপেক্ষায় স্মিথ
চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার একাদশে ফিরছেন স্টিভেন স্মিথ, তবে মাঠে তার এমন এক অভিজ্ঞতা হবে, যা তার টেস্ট ক্যারিয়ারেই খুব একটা নেই।
আঙুলের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার একাদশে ফিরছেন স্টিভেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেই তাকে দেখা যাবে। ব্যাটিংয়ে তিনি প্রিয় পজিশনেই খেলবেন, তবে বড় একটা পরিবর্তন দেখা যাবে ফিল্ডিংয়ে। সেখানে তাকে দেখা যাবে না প্রিয় জায়গায়! স্মিথের নিজেই বলছেন, তার জন্য এটা হবে অদ্ভুত এক অভিজ্ঞতা।
স্লিপ ফিল্ডিংয়ে সময়ের সেরাদের একজন তো বটেই, সর্বকালের সেরাদের একজন স্মিথ। ক্যারিয়ারে অবিশ্বাস্য সব ক্যাচ তিনি নিয়েছেন স্লিপে। তাকে কিপারের পাশে দেখে ভরসা পান বোলাররা, তা পেসার হোক বা স্পিনার। কিন্তু গ্রেনাডা টেস্টে তাকে খুব একটা দেখা যাবে না স্লিপে।
টেস্ট ইতিহাসে কিপিং না করে ২০০ ক্যাচ নেওয়া স্রেফ পাঁচ ফিল্ডারের একজন স্মিথ। ইনিংসপ্রতি তার ক্যাচ ০.৮৯৬টি। টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ৩০ ফিল্ডারের মধ্যে ইনিংসপ্রতি ক্যাচ তারই সর্বোচ্চ। এর বেশির ভাগ ক্যাচই নিয়েছেন তিনি স্লিপে। কিন্তু এখন তার বাধা হয়ে দাঁড়াচ্ছে আঙুলের চোট।
চোট কাটিয়ে তিনি ব্যাটিংয়ে ফিরেছেন। দুই দিন নেটে ব্যাট করে সবুজ সঙ্কেত পেয়েছেন টেস্ট খেলার। কিন্তু ফিল্ডিংয়ে তাকে আঙুল বাঁচিয়ে রাখতে হবে আরও কয়েকটা দিন। টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে রাখলেন, স্পিন বোলিংয়ে স্লিপে স্মিথকে দেখা যাওয়ার সম্ভাবনা থাকলেও পেস বোলিংয়ে ঝুঁকি নেওয়া হবে না। আউটফিল্ডে তার ফিল্ডিং করা নিয়ে খানিকটা মজাও করলেন অধিনায়ক।
“মাঠে নামতে সে প্রস্তুত, তার আঙুল ভালো অবস্থায় আছে। সে নিজে খুব খুশি ছিল, বিশেষ করে ব্যাটিং নিয়ে। ফিল্ডিংয়ে তাকে নিয়ে সম্ভবত একটু পরিবর্তন আনতে হবে আমাদের। স্লিপে হয়তো খুব বেশি দেখা যাবে না তাকে। স্পিনে হয়তো সে সামলে নিতে পারবে (স্লিপে), কিন্তু পেসারদের বোলিংয়ে স্লিপে দাঁড়াতে হয়তো আরও সপ্তাহখানেক লাগবে তার।”
“কাজেই আমরা হয়তো তাকে দেখব মাঠে আরেকটু বেশি ছুটোছুটি করতে… হয়তো মিড অফ বা ফাইন লেগে… আমরা দেখব, ফাইন লেগে সে কতদিন টিকতে পারে (হাসি)… আমার মনে হয়, বৃত্তের মধ্যে (ফিল্ডিংয়ে) ফিরতে সে মুখিয়ে থাকবে।”
স্মিথ নিজেই অবশ্য ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন দিন দুয়েক আগে। নিজেই বলেছেন, গোটা ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা খুব বেশি নেই তার।
“আমার জন্য সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা হবে সম্ভবত উইকেটের সামনের দিকে ফিল্ডিং করা। আমার মনে হয় না টেস্ট ম্যাচে কখনও তা করেছি। মিড অন বা মিড অফ কিংবা ফাইন লেগে ফিল্ডিং করা অবশ্যই প্রথম স্লিপ বা দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করার চেয়ে কিছুটা ভিন্ন।”
গ্রেনাডা টেস্ট শুরু বৃহস্পতিবার। প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তবে প্রথম টেস্টে ভীষণ ভুগেছে তাদের ব্যাটিং। স্মিথকে পাওয়া তাই তাদের জন্য বড় স্বস্তির। জশ ইংলিসের জায়গায় ফিরছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
সবশেষ ছয় টেস্টে চারটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেছেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার রেকর্ড অবিশ্বাস্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৯ টেস্ট খেলে ৩টি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৮৭২ রান তার ১২৪.৫৭ গড়ে। ডাবল সেঞ্চুরি আছে একটি, আরেকটি আছে ১৯৯ রানের ইনিংস।
